সত্তর–আশির দশকের স্টাইল, চুলের কাট থেকে সাজপোশাক পর্যন্ত—একেবারে নায়ক জাফর ইকবাল। সেই চেহারায় মডেল হিসেবে দেখা গেছে গীতিকার কবির বকুলকে। বিশ্ব হার্ট দিবস (২৯ সেপ্টেম্বর) উপলক্ষে বেক্সিমকো ফার্মার তৈরি করা বিজ্ঞাপনচিত্র ‘হৃদয়ের যত্নে হোন হৃদয়হীন’ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুজতবা জাহিদ।
নির্মাতা মুজতবা জাহিদ জানান, বিজ্ঞাপনটির মাধ্যমে হার্ট দিবসের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তারা। সঙ্গে জাফর ইকবালকে স্মরণও করা হয়েছে। প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর এই নায়ক-গায়কের জন্মদিন।
জাহিদ আরও জানান, জাফর ইকবালের সঙ্গে কবির বকুলের চেহারার মিল লক্ষ্য করে কাজটিতে তাকেই নেওয়া হয়েছে।
শুটিং হয়েছে ২০ সেপ্টেম্বর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজ্ঞাপনটিতে জাফর ইকবালের চরিত্রের পাশাপাশি আরেকটি চরিত্রও রয়েছে, যা দেখে অনেকে বলিউডের কিংবদন্তি দেবানন্দের সঙ্গে মিল খুঁজেছেন।