শিল্পীদের নিরাপত্তা দাবি করলেন ফারিণ

শোবিজ অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিল্পী ও দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

শুরুতে নানা তথ্য বিভ্রান্তি ছড়ালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত আইনি পথে এগোলেন অভিনেত্রী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে জামিন পান।

এই ঘটনার পর শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি তুলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রোববার রাতে ফেসবুকে তিনি লেখেন, ‌‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাটাই জরুরি।’

মেহজাবীনের বিরুদ্ধে মামলার সূত্রপাত আমিরুল ইসলামের করা অভিযোগ থেকে। তাঁর দাবি, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে মেহজাবীন ও আলিসান তাঁকে ব্যবসার নতুন পার্টনার হওয়ার প্রলোভন দেখান। এ বিশ্বাসে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু প্রতিশ্রুত ব্যবসা শুরু না হলে তিনি টাকা ফেরত চান। অভিযোগ অনুযায়ী, এরপর শুরু হয় সময়ক্ষেপণ। গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাঁকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি অপমানিত হওয়ার পাশাপাশি জীবননাশের হুমকিও পান। শেষ পর্যন্ত আইনি পরামর্শে ২৪ মার্চ তিনি আদালতে মামলা করেন।

অভিনেত্রী মেহজাবীন অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য—এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন; ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যেই তিনি ও তাঁর পরিবারের সুনাম টার্গেট করা হয়েছে।