মা হচ্ছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরও

মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

একসঙ্গে জোড়া সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর মার্চে প্রকাশ্যে এসেছিল তাঁর বিচ্ছেদের খবর। এবার সবাইকে তাক লাগিয়ে জানালেন জীবনের সবচেয়ে মধুর অধ্যায়ের কথা—মা হতে চলেছেন তিনি। একইসঙ্গে নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টিও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

শুক্রবার (৩ জুলাই) একটি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে এই সুসংবাদ দেন মৌসুমী হামিদ। সেখানে তিনি প্রথমবারের মতো তাঁর দ্বিতীয় স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও সবাইকে পরিচয় করিয়ে দেন। নিজেই বললেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’ 

এই সময় মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ আরও অনেকেই এগিয়ে এসে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান। 

মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’ 

শুধু মা হওয়ার খবরই নয়, এর মধ্যদিয়ে দ্বিতীয় বিয়ের খবরও প্রকাশিত হলো। স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন মৌসুমী।

অভিনেত্রী বলেন, ‘আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যদিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

তবে কবে, কোথায় বিয়ে হয়েছে—সেই বিষয়ে বিস্তারিত এখনই খোলাসা করতে চাননি মৌসুমী। আপাতত অনাগত নতুন অতিথিকে ঘিরেই নিজেদের সব পরিকল্পনা সাজাচ্ছেন এই দম্পতি।

এর আগে, ২০২৪ সালের ১২ জানুয়ারি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী। তবে বিয়ের বছরখানেকের মাথায় তাঁদের পারিবারিক দ্বন্দ্ব চরমে পৌঁছে এবং শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুজনের বিচ্ছেদ ঘটে।