বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় বিষয়টি তাকে ব্যথিত করেছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপূর্ব লেখেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’
খেলাকে বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’
ট্রল ও কটাক্ষের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান এই অভিনেতা। তার ভাষায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
অপূর্ব লেখেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’
তবে তরুণের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। পরিবারের দাবি অনুযায়ী, ব্রাজিলের পরাজয় ও তা নিয়ে কটাক্ষের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।