হারানো দিনের অনুভূতি জাগাতে বিটিভিতে ‘ফিরে এসো চিঠি’

চিঠি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়; এর ভাঁজে জমে থাকে অপেক্ষা, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। কাগজের পাতায় লেগে থাকা মায়াময় ঘ্রাণ, বিবর্ণ কালির অক্ষর কিংবা ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা—সব মিলিয়ে চিঠি একসময় ছিল মানুষের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। সময়ের পরিবর্তনে যোগাযোগের মাধ্যম বদলালেও চিঠির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও স্মৃতির আবেদন আজও অমলিন।

চিঠির সেই হারানো দিনের অনুভূতি ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’। গত ১১ নভেম্বর বুধবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হয়েছে অনুষ্ঠানটির প্রথম পর্ব।

চিঠির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত পাক্ষিক এই অনুষ্ঠানের প্রথম পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’। বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানে উঠে এসেছে সময়ের পরিবর্তনে চিঠির সেকাল-একাল। প্রাণবন্ত আলোচনা ও আর্ট শোর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে চিঠির নানা অনুষঙ্গ, স্মৃতি ও আবেগ।

অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ। প্রধান সমন্বয়ক এনামুল হক। নির্মাণসহযোগী প্রতিষ্ঠান দোয়েল কমিউনিকেশনস।

‘ফিরে এসো চিঠি’ প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, ‘বিশেষ গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও আমন্ত্রণ জানাচ্ছি। দুই প্রজন্মের সেতুবন্ধের মধ্য দিয়ে “ফিরে এসো চিঠি” হয়ে উঠেছে কালের আয়না। সেই আয়নায় দৃশ্যায়িত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অনুভূতির গল্প।’

দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, ‘চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই জানানোর চেষ্টা করেছি আমরা।’

প্রসঙ্গত, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সের স্মৃতি উন্মোচন এবং প্রায় হারিয়ে যেতে বসা চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ, অতীতের যোগাযোগব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শন তুলে ধরার প্রয়াস থেকেই বিটিভির এই আয়োজন।