মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। স্বামী ও দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন তিনি।
এর আগে গতকাল (৩ জুন) সীমানার ভাই এজাজ বিন আলী ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছিলেন, বিএসএমএমইউ-তে অভিনেত্রীর ডায়ালাইসিস চলছিল। তবে একইসঙ্গে তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ছিল ইনফেকশন। কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে আজ সকালে মৃত্যুকে বরণ করে না ফেরার দেশেই পাড়ি দিলেন অভিনেত্রী।
গত মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার।