চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ক্যামেরায় ধরা পড়া অসংখ্য মুহূর্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তবে সব ছাপিয়ে তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিশ্বস্ত ক্যামেরাম্যান।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন হীরক সেন। জীবনের শেষদিকে তিনি অ্যালজাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল; এমনকি খুব কাছের মানুষদেরও তিনি আর চিনতে পারতেন না। তাঁর প্রয়াণে টলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হীরক সেনের মৃত্যুর খবর শুনে তাঁর বাসভবনে ছুটে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা যায়, অভিনেত্রীর বিয়ের ছবিও তুলেছিলেন সদ্য প্রয়াত এই মানুষটি। তবে তাঁর ক্যামেরার সবচেয়ে ঐতিহাসিক ফ্রেমটি ছিল হাসপাতালের বেডে সত্যজিৎ রায়ের অস্কার হাতে নেওয়ার সেই অবিস্মরণীয় ছবি।
সত্যজিৎ রায়ের সঙ্গে হীরক সেনের সম্পর্ক কেবল পেশাদারিত্বে সীমাবদ্ধ ছিল না, বরং ছিল অত্যন্ত নিবিড় ও পারিবারিক। পারিবারিক সূত্রে পরিচিত সত্যজিৎ রায়কে তিনি ‘মেসোমশাই’ বলে ডাকতেন এবং সন্দীপ রায়ের সঙ্গে ছিল তাঁর গভীর বন্ধুত্ব। সেই সুবাদেই চিত্রনাট্য লেখা থেকে শুরু করে একান্তে পিয়ানো বাজানো—সত্যজিৎ রায়ের বহু অদেখা ও ব্যক্তিগত মুহূর্ত নিজের ক্যামেরায় ধরেছিলেন তিনি।
‘সোনার কেল্লা’র ইনডোর দৃশ্যের স্থিরচিত্র ছাড়াও সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’, ‘হীরক রাজার দেশে’, ‘ঘরে বাইরে’ ও ‘আগন্তুক’র মতো কালজয়ী সিনেমায় কাজ করেছেন হীরক সেন। পরবর্তীতে সন্দীপ রায়ের পরিচালনায় ‘কৈলাসের কেলেঙ্কারি’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘গোরস্থানে সাবধান’সহ একাধিক ছবিতেও তিনি কাজ করেন। এছাড়া ‘ফেলুদা ৩০’, ‘বাক্স রহস্য’ ও ‘সত্যজিতের গল্প’র মতো কাজে ইলেকট্রিক্যাল বিভাগেও যুক্ত ছিলেন তিনি।