অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার তাঁর সঙ্গে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম জড়িয়েছে। চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন—তাঁর সঙ্গেই নাকি নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দীঘি! তবে এই গুঞ্জন নিয়ে পুরোপুরি নীরব থাকেননি অভিনেত্রী; এরইমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
দীঘি জানান, গুজবে কখনও কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না। তাঁর মতে, একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে বিষয়টি তিনি এভাবেই সামলান।
দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়! আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
তাঁর ভাষ্য, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’
সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ। মূলত এই সিনেমার সূত্র ধরেই হৃদয়-দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।


