দুর্ঘটনার কবলে ঋতুপর্ণার গাড়ি, চালক আটক

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আশপাশের মানুষ।

ঘটনার সময় বাড়ির ভেতরেই ছিলেন ঋতুপর্ণা। বাড়ির নিচে দাঁড় করানো ছিল তাঁর গাড়িটি। হঠাৎ একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দ শুনে অভিনেত্রী ও তাঁর বাড়ির কর্মীরা দ্রুত নিচে নেমে আসেন।

দুর্ঘটনার বিবরণ দিয়ে ঋতুপর্ণা বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির ভেতরেই ছিলাম। বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি, একটি ম্যাটাডোর আমার পার্ক করা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে। এতে গাড়ির পেছনের বাঁ দিকের অংশ দুমড়েমুচড়ে গেছে। পাশাপাশি সেখানে থাকা আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত তখন সেখানে কেউ ছিলেন না, নইলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।’

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোর চালককে আটক করেন অভিনেত্রীর বাড়ির কর্মী ও স্থানীয়রা। তিনি যেন পালিয়ে যেতে না পারেন, সেজন্য গাড়ির চাবিও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির মূল চালক নন; তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী। এমনকি এই ম্যাটাডোর চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী।

চালকের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, ‘তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তাঁর কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। অর্থাৎ, কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়ত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’