কলকাতায় মোশাররফের থমথমে ও রোমান্টিক লুক

কলকাতার চলচ্চিত্রে মোশাররফ করিম ডন হিসেবে আসছেন; সে খবর আগেই জানা গিয়েছিল। এবার এলো তার নজির, ভিডিও। প্রকাশিত হয়েছে নতুন ছবি ‌'হুব্বা'র টিজার। যা দেখে মুগ্ধ ওপারের মানুষেরা। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ। এ অভিনেতার অভিব্যক্তিও বেশ পাচ্ছে প্রশংসা।

কখনও দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনও রাতের অন্ধকারে এক মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। নব্বই দশকের শেষের দিকের হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের গল্প নিয়ে ছবিটি তৈরি। 

পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি তিনি ছিলেন। তাকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ব্রাত্য বসু। এর আগেও তিনি মোশাররফ করিমকে নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন। পৌলমী বসু-সহ নতুন ছবিতে অভিনয় করেছেন কলকাতার নাট্যজগতের বেশকিছু শিল্পী। 

ছবিটির আরও একটি দৃশ্য মোশাররফ করিম। ছবিটি টিজার থেকে নেওয়াএর আগে গত মাসে এসেছিল ছবির প্রথম লুক। সিনেমার প্রতি পরতে যে উত্তেজনা, সেই আভাসই মিলল ছবির প্রথম ঝলকে। গলায় গাঁদা ফুলের মালা পরে প্রথম বার হুব্বার বেশে মোশাররফকে দেখা গিয়েছিল।

পরিচালক ব্রাত্য বলেছিলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময়ে তিনি ভোটে দাঁড়াতেও চান। যত বারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

টিজার:

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্ কমিউনিকেশন’।