জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সঙ্কট নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন– কপ-৩১। উদ্বোধনী অধিবেশনে বিদায়ী কপ-৩০ সম্মেলনের সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো নতুন সভাপতি তুরস্কের মুরাত কুরুমের কাছে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করেন।
কপ-৩১ এর সভাপতি মুরাত কুরুম বলেন, ‘আমরা চাই, জলবায়ু সম্মেলন মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুক। এজন্য অর্থায়নের পাশাপাশি প্রয়োজন পারস্পরিক আস্থা, প্রতিশ্রুত অর্থ সময়মতো পাওয়া এবং সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন।’
উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ এ পর্যন্ত নেওয়া উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে যথেষ্ট ছিল না বলেও দাবি করেন তিনি।
এদিকে, এবারের সম্মেলনে মূল কূটনৈতিক আলোচনা ও দর-কষাকষির নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, জলবায়ু সংকট মোকাবিলার প্রযুক্তি বিশ্ববাসীর হাতে রয়েছে। এখন সেগুলোর যথাযথ ব্যবহার ত্বরান্বিত করতে হবে।
অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী উদ্যোগ বাড়ছে। প্যারিস জলবায়ু চুক্তির পর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বেড়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি আমাদের হাতে রয়েছে, এখন সেগুলোর ব্যবহার ত্বরান্বিত করা জরুরি।’
এবারের জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ২শটি দেশের প্রতিনিধি। এবারের সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে, যুদ্ধের কারণে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমে যাওয়া।