হামে শিশুমৃত্যু কমেছে: ড. জিয়াউদ্দিন

হামের বিষয়ে আগের সরকারের গাফিলতি থাকলেও তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ‍্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সরকারের টিকা ক্যাম্পেইন ও নানা উদ্যোগ নেওয়ায় হামে শিশু মৃত্যুর হার কমেছে বলেও মনে করেন তিনি। 

সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণ শেষে আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে একটি করে হেল্থ কেয়ার ইউনিট তৈরি করতে চায় সরকার। স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলো এসব হেল্থ কেয়ার ইউনিটের অধীনে পরিচালিত হবে। এ লক্ষ্যে ৩ থেকে ৪ বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে। যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিবে।

তিনি বলেন, এছাড়া নিরাপত্তা মাতৃত্ব ও সন্তান প্রসব নিশ্চিত করতে পর্যায়ক্রমে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। আগামী একনেকে পাস হলে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া ও নোয়াখালীতে হেলথ কেয়ার ইউনিটের পাইলট প্রকল্প শুরু হবে।