হামের উপসর্গ নিয়ে দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৯৬ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৭ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ২টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯৬ দিনে হামের উপসর্গ নিয়ে ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়। সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯৮২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭১ হাজার ৩৯৬ জন।



