দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৬ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।