ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, সবাই ঢাকার

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই রাজধানী ঢাকার। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৩০ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৫৮১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৫২৯ জন। মারা গেছেন ২৭৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২১৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

এদিকে সিটি করপোরেশন বলছে, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মশক নিধন অভিযানে কোনো ধরনের বাধা না দিতেও আহ্বান তাদের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।