গরমে-ঘামে বাড়ছে চুল ও স্ক্যাল্পে সমস্যা, কী করবেন?

গরম আর ঘামে চুল ও ত্বকে দেখা দিচ্ছে নানা সমস্যা। যার মধ্যে অন্যতম স্ক্যাল্পে চুলকানো। এছাড়া বাইরে বের হলেই ধুলা-বালিও জমছে। এতে স্ক্যাল্পের স্বাস্থ্য আরও বেশি খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে স্ক্যাল্পের স্বাস্থ্য ফেরাতে পারেন ঘরোয়া উপায়েই। এ ক্ষেত্রে বেশ কার্যকর অ্যালোভেরা জেল। এতে চুলকানিও দূরে পালাবে। কিন্তু স্ক্যাল্পে চুলকানি কমাতে কীভাবে ব্যবহার করবেন এই অ্যালোভেরা জেল, তা জেনে নিন।

ভিটামিন এ, সি ও ই সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে এই অ্যালোভেরা জেলে। এছাড়াও রয়েছে ভিটামিন বি১২, ফলিক অ্যাসিড ও কোলিন। ক্যালসিয়াম, কপার, সোডিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কের মতো খনিজেরও হদিস মেলে এখানে। এতে থাকা নানা সক্রিয় উপাদান ও খনিজ চুলের গোঁড়া মজবুত করে। ফলে বন্ধ হতে পারে হেয়ার ফল।

আর গরম আর ঘামে স্ক্যাল্পে চুলকানি হলেও এতে একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। এর অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণেই চুলকানি কমবে নিমেষে। আর সঙ্গে স্ক্যাল্পে মিলবে ঠান্ডা অনুভূতি। এছাড়া অ্যালোভেরা জেলে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং। বাজার থেকে যেকোনো অ্যালোভেরা জেল কিনতে পারেন। চাইলে ঘরে থাকা অ্যালোভেরা গাছের পাতা থেকে এই জেল বের করে নিতে পারেন। তারপর স্ক্যাল্পে ১৫-২০ মিনিট মাসাজ করুন। তারপর ১ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা পানিতে চুল ধুয়ে নিতে হবে। এতে কমে যাবে স্ক্যাল্পের চুলকানির সমস্যা। সপ্তাহে অন্তত দু’দিন এইভাবে অ্যালোভেরা লাগালে হবে। তাহলেই দ্রুত মিলবে ফলাফল।

অ্যালোভেরার মতোই স্ক্যাল্পের চুলকানি কমাতে সাহায্য করে লেবুর রস। লেবুতে থাকা অ্যাসিডিকের কারণে স্ক্যাল্পের পিএইচ নষ্ট হতে পারে। তাই অ্যালোভেরার জেলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগাতে পারে লেবু। তার জন্য আপনাকে অর্ধেক কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। শেষে ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই কাজ হবে। সপ্তাহে একদিন এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। তাহলে ফল পাবেন হাতেনাতে।

স্বাস্থ্যোজ্জ্বল চুলের চাবিকাঠি রয়েছে অ্যালোভেরা জেল ও নারকেল তেলে। এই দুইয়ের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণেই চুলকানি থেকে রেহাই পাবেন আপনি। এই মাস্ক আপনার চুলের বাড়তি সুরক্ষা দিতে পারবে। ফলে কোনো সংক্রামণ আপনার স্ক্যাল্পে বাসা বাঁধতে পারবে না। তার জন্য আপনাকে নিতে হবে ১/২ কাপ নারকেল তেল সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ মাসাজ করুন। তারপর ঘণ্টা খানেক অপেক্ষা করে চুল ধুয়ে নিলেই কেল্লাফতে। এতে স্ক্যাল্পের চুলকানিও কমবে, আর চুল হবে রেশমের মতো।