মাইসেলার ওয়াটার নাকি মেকআপ রিমুভার

নিখুঁত মেকআপের জন্য মানুষ কয়েক ঘণ্টা ব্যয় করতেও রাজি থাকে। অথচ সে মেকআপ তুলতে কয়েক মিনিটের সময়ও আমাদের অনেকের থাকে না। দিনশেষে বাড়ি ফিরে যতো ক্লান্তিই লাগুক, মেকআপ তোলার বিকল্প নেই। সারাদিনের ঘাম, ধুলাবালি, মেকআপের স্তর ইত্যাদি পরিষ্কার না করে ঘুমালে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হতে পারে।

মেকআপ রিমুভ করতে পারে এমন তিনটি পণ্য বর্তমানে বেশ পরিচিত-মাইসেলার ওয়াটার, মেকআপ রিমুভার, ক্লিনজার। ভারি ফাউন্ডেশন থেকে শুরু করে ত্বকের গভীরের তেল-ময়লা তুলে ফেলতে জুড়ি নেই এ সব পণ্যের। কিন্তু পণ্যগুলোর সঠিক ব্যবহার নিয়ে মাঝেমাঝেই বিভ্রান্তিতে পড়েন অনেকে। 

মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার হলো একটি অয়েল বেজড ক্লিনজার যাতে মাইসেলস বা ছোট ছোট ফ্যাটি এসিডের ক্লাস্টার থাকে। এই মাইসেলস ত্বক থেকে তেল দূর করতে পারে। তবে মাইসেলার ওয়াটারে মাইলসেলের চেয়ে পানির পরিমাণ বেশি থাকে।

যে কোনো ত্বকে মানিয়ে যায় মাইসেলার ওয়াটার। সারাদিনের জমে থাকা ধুলা, তেল এবং ময়লা দূর করার জন্য চমৎকার কাজ করে এই রিমুভার। অয়েল বেজড যেকোনো কিছু তুলতেই এটি খুব ভালো কাজ করে। মৃদু হওয়ায় এটি মাইসেলার ওয়াটার কোনো জ্বালাপোড়ার সৃষ্টি করে না।

মেকআপ রিমুভার

মেকআপ রিমুভারে তৈলাক্ত উপাদান থাকে। নাম শুনেই বুঝতে পারছেন, এটি ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, কনট্যুর ইত্যাদি ভারি মেকআপ সহজে তুলে নেয়। ওয়াটারপ্রুফ মেকআপ তুলতেও ভরসা করতে পারেন মেকআপ রিমুভারের ওপর। মেকআপ উঠিয়ে নিতে ত্বকে ঘষাঘষির কোনো দরকার নেই। কারণ এটি এমন একটি পণ্য যা মুখের সমস্ত মেকআপ অনায়াসে তেলের সাথে গলিয়ে তুলে নেয় এবং ত্বককে পরিষ্কার রাখে।

মাইসেলার ওয়াটার বনাম মেকআপ রিমুভার

  • মাইসেলার ওয়াটার বেশ তরল। এতে অয়েল কম্পোনেন্টের পরিমাণ কম। অন্যদিকে মেকআপ রিমুভারে তেলের পরিমাণ বেশি।
  • হালকা, মিনিমালিস্টিক মেকআপ তোলার জন্য মাইসেলার ওয়াটার উপযোগী। অন্যদিকে মেকআপ রিমুভার ওয়াটারপ্রুফ এবং অয়েলপ্রুফ সহ যেকোনো ভারি মেকআপ তুলতে পারদর্শী।
  • মাইসেলার ওয়াটার দিয়ে ত্বক পুরোপুরি পরিষ্কার করতে কিছুটা ঘষাঘষির প্রয়োজন হতে পারে। কিন্তু হালকা ম্যাসাজেই মেকআপ রিমুভার দিয়ে ত্বক থেকে যেকোনো মেকআপ ও তেলজাতীয় পদার্থ তুলে নেয়া যায়।

অন্যদিকে ক্লিনজারের ফর্মুলা ক্রিমের মতো হয়; মুখ থেকে তেলময়লা বা ঘাম পরিষ্কার করতে ক্লিনজার সিদ্ধহস্ত। এতে তেল আর পানি, দুটি উপাদানই রয়েছে। ফলে মুখ থেকে হালকা মেকআপও তুলে ফেলতে পারে এই ত্বক পরিষ্কারক।

অনেকে আবার মেকআপ তোলার জন্য নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি ব্যবহার করে থাকেন। তেল দিয়েও মেকআপ ভালোভাবে তোলা যায়। তবে তৈলাক্ত ত্বকে অলিভ অয়েল লাগালে ব্রণের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

তথ্যসূত্র: ওয়াও স্কিন সায়েন্স, বি বিউটিফুল