কোন মেকআপ পণ্য কতদিন ব্যবহার করবেন?

নিজেকে আরেকটু গোছানো এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা সবাই কমবেশি বিভিন্ন মেকআপ পণ্য ব্যবহার করে থাকি। ব্যবহারের পাশাপাশি এসব পণ্য নিরাপদ কিনা কিংবা মেয়াদ রয়েছে কিনা ইত্যাদি ব্যাপারেও সম্যক ধারণা রাখা প্রয়োজন। 

মেকআপ পণ্য তৈরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। তাছাড়া এগুলো ত্বক ও চোখের ওপর প্রয়োগ করা হয়। তাই মেয়াদোত্তীর্ণের পরও ব্যবহার করলে হতে পারে সংক্রমণ।

ফাউন্ডেশন

ত্বকের উপরে সরাসরি লাগানো হয় বলে ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে মেয়াদের ব্যাপারে বেশি সচেতন হওয়া প্রয়োজন। যেকোন ধরনের ফাউন্ডেশন এক বছর পর্যন্ত ভালো থাকে। তৈলাক্ত ত্বকের জন্য তৈরি ফাউন্ডেশন ১৮ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। ফাউন্ডেশনের রঙ বদলে গেলে বা খুব পাতলা হয়ে এলে ওই ফাউন্ডেশন আর ব্যবহার করা উচিত না।

কনসিলার

মুখের ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগছোপ ঢাকার জন্যে এই পণ্যটি ব্যবহৃত হয়ে থাকে। ত্বকের যে কোন প্রকার সমস্যা ও অ্যালার্জির প্রাদুর্ভাব এড়াতে ১২-১৮ মাসের বেশি কনসিলার ব্যবহার করা উচিত নয়।

লিপস্টিক ও লিপ গ্লস

সব ধরনের মেকআপ পণ্যের মাঝে লিপস্টিক হলো সবচাইতে বেশি ব্যবহৃত পণ্য। লিপস্টিককে যদি ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় রাখেন তাহলে তা দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকতে পারে। পুরোনো বা পঁচা তেলের গন্ধ বের হলে সাতপাঁচ না ভেবেই ওই লিপস্টিককে বিদায় করবেন।

ঠোঁটে চকচকে ভাব আনার জন্যে লিপস্টিক এর পাশাপাশি ব্যবহৃত হয়ে থাকে লিপ গ্লস। লিপ গ্লস বা লিপ বাম এক বছর পর্যন্তই ভালো থাকে।   

ফেস পাউডার

যেসব মেকআপ সামগ্রী ওয়াটার বেসড যেমন ফাউন্ডেশন, আইলাইনার ইত্যাদি সেগুলো ত্বকে সংক্রমণের আশংকা অনেক বাড়িয়ে দেয়। কারণ পানিতে ব্যাকটেরিয়া বেড়ে উঠতে থাকে। অন্যদিকে ফেস পাউডার, ব্লাশ, ব্রোঞ্জারের মতো পাউডার বেসড মেকআপ কম ঝুঁকিপূর্ণ। সহজে ছত্রাক জন্মায় না এবং এক থেকে দুই বছর পর্যন্ত ভাল থাকে।   

আইশ্যাডো

পাউডারের মত আইশ্যাডোও ১২-১৮ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। আইশ্যাডো সাধারণ দুই ধরনের হয়ে থাকে- ক্রিম এবং পাউডার। ক্রিম আইশ্যাডো এক বছর সময় পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। তবে পাউডার আইশ্যাডোর ক্ষেত্রে সেটার মেয়াদকাল হতে পারে দুই বছর পর্যন্ত। 

মাশকারা

চোখে সংক্রমণ এড়াতে তিন মাস পরপরই মাশকারা পরিবর্তন করা উচিত। চোখের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন থাকায় চোখের জন্য ব্যবহৃত পণ্যের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা আবশ্যক। 

আইলাইনার

ফর্মুলা অনুযায়ী আইলাইনার তিন মাস থেকে তিন বছর ভালো থাকতে পারে। সেক্ষেত্রে পেন্সিল আইলাইনার হলে চিন্তার কিছু নেই। কিন্তু লিকুইড ও জেল আইলাইনারগুলো মাশকারার মতো সহজেই ব্যাকটেরিয়াকে আকৃষ্ট করে বলে কয়েক মাসের মধ্যেই পরিবর্তন করা উচিত।