রোদে বেরোলে ত্বক অনেক সময় কালচে হয়ে যায়, জেল্লা হারায়। বাইরে থেকে ফিরে যতই ফেসওয়াশ বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন না কেন, সেই নিস্তেজভাব সহজে দূর হয় না। বিশেষ করে উৎসব বা অনুষ্ঠান থাকলে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার তাড়া থাকে আরও বেশি। এমন সময় ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করতে পারেন প্রাকৃতিক ফেস মাস্ক। যা ত্বকের ক্লান্তি কমিয়ে দেবে, এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
যা যা লাগবে
কাঁচা দুধ: ত্বকের ময়লা তুলতে ও উজ্জ্বলতা বাড়াতে দুধ খুব কার্যকর। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক এক্সফোলিয়েট করে। সেই সাথে ত্বকও নরম করে।
মধু: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। ত্বকের আর্দ্রতা বজায় রাখে, কালচে ভাব দূর করে।
লেবুর রস: এতে থাকা ভিটামিন সি ত্বকের দাগছোপ কমায়, উজ্জ্বলতা বাড়ায়।
চন্দনগুঁড়া: প্রাচীন কাল থেকেই চন্দন ব্যবহৃত হয় ত্বকের যত্নে। এটি ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে।
কীভাবে বানাবেন
- একটি ছোট বাটিতে নিন ২ টেবিল চামচ কাঁচা দুধ, ১ চা-চামচ মধু, আধ চা-চামচ লেবুর রস এবং ১ চা-চামচ চন্দনগুঁড়া। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- মুখ ভালো করে ধুয়ে নিয়ে মিশ্রণটি সমানভাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে ভুলবেন না।
ব্যবহার পদ্ধতি
এই মাস্কটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন। কয়েকবার ব্যবহারের পরই ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে, মুখে ফিরে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
রোদে পোড়া ত্বকের যত্নে এই দুধ-মধুর মাস্কটি সম্পূর্ণ প্রাকৃতিক। নিয়মিত ব্যবহার করলে পার্লারের কেমিক্যাল ছাড়াই ঘরে বসে ত্বক পাবে নতুন জেল্লা।