এখন আবহাওয়া অনেকটাই শুষ্ক। এই আবহাওয়ায় ত্বক ঝলমল থাকাটা অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আসছে শীত। তাই এই সমস্যা আরও বাড়বে। হাত-পা থেকে মুখ পর্যন্ত টান ধরে, খসখসে ভাব দেখা দেয়।
এই ধরনের ত্বকে প্রদাহ, লালচে দাগ বা জৌলুসের অভাব দেখা দেয়। তাই ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। আর সেই সঙ্গে দরকার সঠিক প্রসাধনী বেছে নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, কোনটি উপযুক্ত?
শুষ্ক ত্বকের যত্নে প্রথমে প্রয়োজন সঠিক ময়েশ্চারাইজার, ক্রিম ও টোনার। ত্বককে শুধু হাইড্রেট করা নয়। বরং আর্দ্রতা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু উপাদান বিশেষভাবে কার্যকর।
হায়ালুরোনিক অ্যাসিড
ত্বককে গভীরভাবে আর্দ্র রাখতে হায়ালুরোনিক অ্যাসিড অন্যতম। এটি ত্বকের ভেতরে পানি ধরে রাখতে সাহায্য করে। সেই সাথে লম্বা সময় ধরে ত্বকের ময়েশ্চারাইজেশন বজায় রাখে। বাজারে হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ, সিরাম ও ক্রিম পাওয়া যায়। শুষ্ক ত্বকের জন্য এই ধরনের প্রসাধনী বেছে নিতে পারেন। এগুলো ব্যবহার করলে ত্বক নরম ও সতেজ হয়।
গ্লিসারিন
গ্লিসারিনও শুষ্ক ত্বকের জন্য বেশ কার্যকর। এটি ত্বকের ওপর একটি প্রাকৃতিক আর্দ্রতা স্তর তৈরি করে। সেই সাথে ত্বককে শুকনো হতে দেয় না। পানির সঙ্গে মিশিয়ে গ্লিসারিন ব্যবহার করলে আরও বেশি ময়েশ্চারাইজেশন পাওয়া যায়। যারা শীতকালে বা বাতাসে শুষ্ক ত্বকের সমস্যা অনুভব করেন। তাদের জন্য গ্লিসারিন সমৃদ্ধ লোশন বা ক্রিম বেছে নেওয়া ভালো।
শিয়া বাটার
শিয়া বাটার হলো শিয়া গাছের বীজ থেকে তৈরি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে এবং প্রদাহজনিত সমস্যা কমায়। খসখসে ত্বক, খোলা দাগ বা শুষ্ক ত্বকে শিয়া বাটার খুব কার্যকর। শীতকালে বিশেষভাবে এই উপাদানটি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করলে ত্বক সারাদিন হাইড্রেটেড থাকে।
অ্যালোভেরা
ত্বকের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালোভেরা। এটি প্রদাহ কমাতে এবং ত্বককে শান্ত রাখতে সাহায্য করে। তবে সরাসরি গাছের শাঁস না মেখে, প্রসাধনীতে অ্যালোভেরা সমৃদ্ধ পণ্য ব্যবহার করাই ভালো। ফেস জেল, সিরাম বা ক্রিমে অ্যালোভেরা থাকলে ত্বক কোমল ও সুস্থ থাকে।
শুধু উপাদান বাছাই নয়, ব্যবহার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ ব্যবহারের পর হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগানো উচিত। এটি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শীতকালে দিনে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে।
শুষ্ক ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্রসাধনী বেছে নেওয়া এবং নিয়মিত ব্যবহার করাই সবচেয়ে ভালো। হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, শিয়া বাটার ও অ্যালোভেরা, এই চারটি উপাদান শীতকালে ত্বককে সতেজ, নরম এবং জৌলুসপূর্ণ রাখতে সাহায্য করবে।
সঠিক প্রসাধনী ব্যবহারের মাধ্যমে শুধু শুষ্ক ত্বক নিয়ন্ত্রণে থাকে না, বরং প্রদাহ ও লালচে ভাবও কমে। তাই এবার শীতকালে বা যেকোনো সময়ে ত্বকের জন্য এই উপাদানসমৃদ্ধ পণ্য ব্যবহার করে দেখুন। নিজেই পার্থক্য অনুভব করবেন।