শীতের হিমেল হাওয়ায় মন ভালো হয়ে যায়। কিন্তু ত্বক! এই সময় ত্বক দ্রুত শুষ্ক হতে শুরু করে। আবহাওয়া পরিবর্তনের সময়ে ত্বকের সবচেয়ে ওপরের স্তর ‘এপিডারমিসে’ পানির পরিমাণ কমে আসে। ফলে ত্বক হয়ে ওঠে রুক্ষ, টানটান আর প্রাণহীন। আপনার ত্বক শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র, যাই হোক না কেন, শীতে কিছু সাধারণ ভুলে স্কিন আরও বেশি ড্যামেজ হয়। জেনে নিন শীতে স্কিন কেয়ারের সেই ভুলগুলো এবং করণীয়।
স্কিন কেয়ারে যেসব ভুল বেশি হয়
অতিরিক্ত এক্সফোলিয়েট করা
এক্সফোলিয়েট ত্বকের মৃতকোষ দূর করলেও শীতে এটি বেশি করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। প্রতিদিন নয়, সপ্তাহে এক-দুবারই যথেষ্ট।
সানস্ক্রিন ব্যবহার না করা
অনেকে ভাবেন, শীতকালে রোদ কম থাকে, তাই সানস্ক্রিনের দরকার নেই। কিন্তু মেঘলা দিনেও ইউভি রশ্মি সমানভাবে ত্বকের ক্ষতি করে। শীত বা গ্রীষ্ম, দিনের বেলা বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।
নিয়ম করে ময়েশ্চারাইজার না লাগানো
শীতে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। তাই দিনে একবার ময়েশ্চারাইজার লাগালে হয় না। বিশেষ করে হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, গ্লিসারিন, যুক্ত ময়েশ্চারাইজার ত্বককে ভালো রাখে। মুখের পাশাপাশি পুরো শরীরেও বডি লোশন ব্যবহার করুন।
অতিরিক্ত গরম পানি ব্যবহার
গোসল বা হাত-মুখ ধোয়ার সময় খুব গরম পানি ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। কুসুম গরম পানি ব্যবহার করাই ভালো।
ঠোঁটের যত্ন ভুলে যাওয়া
ঠোঁট শীতে সবচেয়ে দ্রুত শুষ্ক হয়ে পড়ে। লিপ বামের অভাবে অনেকের ঠোঁটের চারপাশ কালো দেখায়। বারবার ভ্যাসলিন বা লিপ ময়েশ্চারাইজার লাগান। লিপস্টিক ব্যবহারের আগেও হালকা বাম লাগিয়ে নিন।
ফেইসওয়াস পরিবর্তন না করা
গরমকালে ব্যবহৃত ফেইসওয়াস শীতে স্কিনকে বেশি ড্রাই করে তোলে। তাই শীতে সফট ও জেন্টল ক্লেনজার ব্যবহার করুন। মুখ ধোয়ার পর যদি টানটান লাগে, রুক্ষ লাগে, তাহলে ক্লেনজার বদলানো উচিত।
শীতে উজ্জ্বলতা ফেরাতে ঘরোয়া কিছু প্যাক
অ্যালোভেরা ফেসপ্যাক
১ টেবিল চামচ চন্দনগুঁড়া ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।
টক দই-হলুদ ফেসপ্যাক
২ টেবিল চামচ টকদই ও একচিমটি হলুদের গুঁড়া মিশিয়ে মুখ, হাত ও গলায় লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল হবে।
ডিমের কুসুম-মধুর ফেসপ্যাক
একটি ডিমের কুসুমের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। তুলোর বল দিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক নরম ও ন্যাচারালি ময়েশ্চারাইজড থাকবে।
শীতে স্কিন কেয়ার ঠিকভাবে মেনে চললে ত্বক নিয়ে আলাদা ঝামেলা হবে না। যত্নের পাশাপাশি চেষ্টা করুন অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে।