বৃষ্টির দিনে কেমন পোশাক পরবেন? কী রঙের পোশাক এখন আপনাকে ভালো মানাবে? আর অফিস থেকে কোথাও যেতে হলে তার সাজ কেমন হবে? এ নিয়ে যেন চিন্তার শেষ নেই। আর আপনি যদি ফ্যাশন সচেতন হয়ে থাকেন, তবে এগুলো তো মাথায় রাখতেই হবে। এসব চিন্তা-ভাবনাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে।
আর যদি কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ থাকে, তাহলে তো কথাই নেই। সেই চিন্তা বেড়ে যায় কয়েকগুন। এখন আর চিন্তা করতে হবে না। নিমেষেই দূর হবে আপনার দুশ্চিন্তা। আপনার বর্ষার সাজ পোশাকের মুশকিল আসান হবে অনায়াসে।
বৃষ্টির এই সময় অফিসে কেমন পোশাক পরবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। অফিস শেষে যদি আবার কোনো অনুষ্ঠানে যেতে হয়, তা হলে সেই চিন্তা আরও বেড়ে যায়। এমন হলে কেমন রঙ বেছে নেবেন, তা ঠিক বুঝে উঠতে পারেন না অনেকে। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন রঙ বাংলাদেশের ডিজাইনার এবং সত্তাধিকারি সৌমিক দাস। তিনি বলেন, ‘বৃষ্টি হলেই যে সব সময় ভাইব্রেন্ট পোশাক পরতে হবে, বাধাধরা এধরনের কোনো নিয়ম নেই। এমনটা হতেই পারে যে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে উজ্জ্বল রঙ ঠিক যায় না। অথবা অফিসের ড্রেস কোড অনুযায়ী রঙিন পোশাক পরা বারণ। এমন হলে সাদা বা কালো পোশাকেই খুঁজে নিতে পারেন অভিনবত্ব। তবে প্রিন্টের পোশাক বাছাই করার ক্ষেত্রে আপনাকে হতে হবে ফ্যাশন সচেতন। তবে এই সময় ম্যাট কালার বাদ দেওয়াই শ্রেয়।’
অফিস শেষে অনেক সময় বন্ধুদের সঙ্গে পার্টি করার পরিকল্পনা থাকতেই পারে। সে সময় কিন্তু পারফেক্ট হতে পারে কালো রঙের পোশাক। এই সময়টাতে নীল বা ভাইব্রেন্ট কালারের পোশাক বেশ যায়। পার্টি থাকলে অবশ্য যে পোশাকটি পারেন না কেন, খেয়াল রাখবেন যেন এক রঙা হয়। কারণ পোশাকের পাশাপাশি সাজের বিষয়টিও তো মাথায় রাখতে হবে। জর্জেট বা পলেস্টার ধরনের পোশাক বৃষ্টির দিনে যেমন পারফেক্ট, পার্টিতেও একদম ঠিকঠাক। খেয়াল রাখবেন পোশাকটি যেন খুব বেশি ফরমাল না হয়। এখন অবশ্য সেমি ফরমাল পোশাক পাওয়া যায়। এগুলো পার্টি বা অফিস দুই জায়গাতেই নজড় কাড়ে।
আর যদি অফিসের পোশাক আলাদা হয়, তবে ব্যাগে বাড়তি একটা ড্রেস নিতে পারেন। খেয়াল রাখবেন পাজামা বা প্যান্টের সঙ্গে যেন আপনার কুর্তি বা কামিজ মানিয়ে যায়। এখন সবাই অনেক বেশি ফ্যাশন সচেতন। তাই অফিস ওয়্যারের জন্য খরচ করতে কেউ কার্পণ্য করেন না। কারণ অফিস ওয়্যারে আপনার পারসোনালিটি প্রকাশ পায়। তাই এমন কিছু পরবেন না যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। রঙের ক্ষেত্রে নিজের পছন্দের থেকেও বেশি গুরুত্ব দিন পারিপার্শ্বিক অবস্থার ওপর। তা হলেই আপনার পোশাক নজর কাড়বে সকলের।
বৃষ্টির এই সময় এমন ফ্যাব্রিক বাছুন যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। লিনেন, কটনের থেকে শিফন, মিক্সড ফ্যাব্রিক এই মৌসুমের জন্য ভালো পোশাক হতে পারে। বর্ষায় পোশাক নির্বাচনে এই টিপস মানলেই, বর্ষার সাজে হবে মুশকিল আসান।