মাহিরা খান স্টাইল আর ফ্যাশন দিয়ে ভক্তদের মুগ্ধ করেই চলেছেন। পাকিস্তানি এই অভিনেত্রী একের পর এক দারুণ স্টাইল স্টেটমেন্ট তৈরি করে চলেছেন। আর ভক্তরা তাঁর দিক থেকে চোখ ফেরাতেই পারছেন না। সম্প্রতি মাহিরা খান একটি মনোমুগ্ধকর হলুদ শাড়ি পরে হাজির হয়েছেন। যা এই বসন্তে আপনার ওয়ারর্ডোবে যোগ করার মতো একদম পারফেক্ট পোশাক।
নিজের সোশ্যাল মিডিয়ায় মাহিরা একটি উজ্জ্বল হলুদ শাড়ি পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো তোলা হয়েছে সমুদ্রতীরে। জোয়ারের পানি নেমে যাওয়ার সময় তোলা ছবিগুলোতে তিনি যেন এক স্বপ্নময় সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তাঁর এই স্টাইল নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদেরও। তাই তো তাঁর এই শাড়ির লুক নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরোদমে আলোচনা চালছে।
এই লুকে মাহিরা খান বেছে নিয়েছেন আরামদায়ক ও হালকা হলুদ শাড়ি। যার জমিনজুড়ে দেখা মেলে লাল ও সবুজ লহরিয়া প্রিন্ট। শাড়িটি নিখুঁতভাবে পরেছেন তিনি। কাঁধ থেকে শাড়ির আঁচল যেন ঝরনার মতো নেমে আসছিল। এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন লাল রঙের কোয়ার্টার-স্লিভ ভি-নেক ব্লাউজ। যার পেছনে টাই-আপ ডিজাইন ছিল। যা তাঁর লুককে দিয়েছে আরও রাজকীয় সৌন্দর্য।
মাহিরা শাড়ির সঙ্গে খুব বেশি অ্যাক্সেসরিজ পরেননি। শুধু হাতে কাঁচের এক ডজন চুড়ি, আর একটি হুপ কানের দুল। এতেই তাঁর সাজ যেন পরিপূর্ণতা পেয়েছে। তিনি বেছে নিয়েছেন ঝামেলাবিহীন একেবারে ন্যাচারাল লুক। তাঁর মেকআপ ছিল হালকা এবং উজ্জ্বল। ত্বকে দীপ্তিময় ছোঁয়া আনতে হাইলাইটার ব্যবহার করেছেন তিনি। চোখ সাজাতে ব্যবহার করেছেন ব্রাউন আইশ্যাডো ও মাসকারা। আর ওয়াটারলাইনে দিয়েছেন হালকা স্মোকি কাজল। গালে ফ্রেশ গোলাপি আভা দিতে করাল-পিঙ্ক ব্লাশ ব্যবহার করেছেন। ঠোঁটে দিয়েছেন সফট পিঙ্ক লিপস্টিক।
চুল ছিল ঢেউখেলানো ওয়েভস স্টাইলে, যা তিনি খুলেই রেখেছিলেন। এই লুকটিই মূলত তাঁকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। মাহিরার এই লুক বসন্তের জন্য একদম ঠিকঠাক। তাঁর অনন্য এই ফ্যাশন সেন্স আবারও প্রমাণ করল, কেন তিনি স্টাইল আইকন হিসেবে পরিচিত!
তথ্যসূত্র: নিউজ১৮