ফ্যাশন বিশ্ব যখন রাস্তায় রাজত্ব করছে, তখন নকল পণ্য পাওয়া খুব সহজ হয়ে উঠেছে। আসল পণ্য এবং সস্তা নকল পণ্যের মধ্যে পার্থক্য জানা এখন জরুরি হয়ে উঠেছে। তা না হলে, কখন যে আপনাকে আসল বলে, নকল পণ্যটি ধরিয়ে দেবে বুঝতেই পারবেন না।
কনভার্সের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য অনেক বেশি নকল হয়ে থাকে। আপনি এসব পণ্য দেখে ধরতেই পারবেন না, এগুলো কোনটি আসল আর কোনটি নকল। তবে কিছু কৌশল এই পার্থক্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেগুলো জেনে নিন। শুধু কনভার্স নয়, বড় বড় ব্র্যান্ডগুলোও একই নীতি অনুসরণ করে। তাই একটির সম্পর্কে ধারণা থাকলে বাকিগুলোও ধরতে পারবেন।
লোগো এবং ব্র্যান্ডিং
প্রথমত, কনভার্সের লোগো চেক করুন। ২০০৮ সালের আগে তৈরি জুতাগুলোতে লোগোর নিচে ® চিহ্ন থাকতো। তবে ২০০৮ সালের পরের এই চিহ্ন নেই। আসল কনভার্স স্নিকার্সের লোগোটি পরিষ্কারভাবে সেলাই করা থাকে। নকল শুগুলিতে লোগোটি ফ্যাকাশে বা অসমান সেলাই করা থাকে। ছোট ছোট ডিটেইলস, যেমন ‘Chuck Taylor’ স্বাক্ষর এবং তারকা ডিজাইন, আসল এবং নকলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে। হাই-টপ কনভার্সে একটি সাদা লোগো থাকে যেখানে ‘CONVERSE ALL STAR’ লাল রঙে এবং নেভি ব্লু ‘Chuck Taylor’ স্বাক্ষর থাকে ইনার অ্যাঙ্কলে। লো-টপ সংস্করণগুলিতে টাংয়ের ওপর একটি আয়তাকার প্যাচ থাকে যাতে ‘CONVERSE’ সাদা রঙে লাল ব্যাকগ্রাউন্ডে এবং ‘ALL STAR’ নেভি ব্লু রঙে লেখা থাকে। যদি আপনি মনোক্রোম জোড়া দেখেন, তবে লোগোটি হবে থ্রিডি। আর এটি জুতাগুলোর রঙের সাথে মিলে যাবে।
সেলাই এবং তৈরি
এটি বলার অপেক্ষা রাখে না যে, আসল কনভার্স স্নিকার্সের সেলাই খুবই ভালো মানের হয়। সেলাই সাধারণত সাদা রঙের অথবা মনোক্রোম সংস্করণে জুতোর রঙের সঙ্গে মিলে যায়। নকল স্নিকার্সে অনেক সময় সেলাই ফাঁকা বা অসমান থাকে। বিশেষ করে টাং বা জুতোর উপরের অংশে। একটি সহজ পদ্ধতি হলো রাবার অংশগুলো দেখা। যদি আপনি অসমান পেইন্ট বা ফ্যাকাশে স্থান দেখতে পান, তবে এটি ধরেই নিতে হবে নকল।
উপকরণ
কনভার্স জুতাগুলো সাধারণত উচ্চমানের উপকরণ থেকে তৈরি হয়। যেমন, এতে ব্যবহার হয় টেকসই ক্যানভাস বা চামড়া। যা জুতাকে আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী করে তোলে। নকল জুতাতে সাধারণত সস্তা উপকরণ ব্যবহার হয়। ফলে তার টেক্সচার ভালো হয় না।
আরাম এবং টেকসইতা
আসল কনভার্স স্নিকার্স খুবই আরামদায়ক এবং টেকসই। এগুলো দীর্ঘসময় পরলেও আরাম দেয়। অন্যদিকে, নকল স্নিকার্সে হয়তো সেই একই ধরনের আরাম থাকবে না এবং দ্রুত ক্ষয় হতে পারে। একটি সহজ পরীক্ষা হলো জুতাটি পরে দেখা। যদি এটি মজবুত এবং টেকসই মনে হয়, তবেই নেবেন।
সিরিয়াল নাম্বার চেক করুন
আসল কনভার্স স্নিকার্স সবসময় একটি ইউনিক সিরিয়াল নাম্বার থাকে, যা সাধারণত প্রতিটি জুতোর টাংয়ের ভিতরে থাকে। সিরিয়াল নাম্বারটি বাক্সের সাথে মিলে থাকতে হবে। যদি সিরিয়াল নাম্বারটি অনুপস্থিত থাকে বা ঝাপসা ভাবে লেখা হয়, তবে সেগুলি সম্ভবত নকল হবে।
সবশেষে, কনভার্স তাদের নিজস্ব দোকান বা বিশ্বস্ত রিটেইলারদের কাছ থেকে কেনা ভালো। এভাবে, আপনি আসল পণ্য বা জুতা নিশ্চিত করতে পারবেন।