প্রাদা কিনছে ভার্সাচি, এক হচ্ছে ইতালির দুই ফ্যাশন আইকন

ইতালির বিলাসবহুল ফ্যাশন বাজারে বড় এক চমক। ফ্যাশন হাউজ প্রাদা কিনে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড ভার্সাচিকে। প্রায় ১.৩৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় অংকটা ১৬ হাজার ৭১০ কোটিরও বেশি। এই চুক্তি ধরা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিলাসপণ্য অধিগ্রহণ হিসেবে।

বৃহস্পতিবার প্রাদা জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক লাক্সারি প্রতিষ্ঠান ক্যাপরি হোল্ডিংসের কাছ থেকে ভার্সাচিকে তারা অধিগ্রহণ করছে। যার মাধ্যমে এক ছাদের নিচে আসছে ইতালির দুটি প্রভাবশালী ফ্যাশন ব্র্যান্ড।

২০১৮ সালে ক্যাপরি হোল্ডিংস প্রায় ২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে ভার্সাচিকে কিনেছিল। পাঁচ বছর পর তারা যে দামে বিক্রি করছে, তা আগের দামের তুলনায় অনেকটাই কম।

ভার্সাচির তৈরি পোশাক বিশ্বজুড়ে পরিচিত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রাদা গ্রুপের চেয়ারম্যান প্যাট্রিজিও বেরতেল্লি বলেন, ‘আমরা ভার্সাচির সাহসী ও সময়কে ছাপিয়ে যাওয়া কাজগুলোকে সম্মান জানিয়ে সেটিকে নতুনভাবে তুলে ধরতে চাই। একই সঙ্গে আমরা ব্র্যান্ডটিকে একটি শক্ত ভিত্তি দিতে চাই। যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সম্পর্কের ওপর দাঁড়িয়ে।’

গত কিছু সময় ধরে ‘কোয়ায়েট লাক্সারি’ ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল ভার্সাচি। আর সেই সুযোগে বাজারে বেশ ভালো অবস্থান তৈরি করে নেয় প্রাদা। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে ফ্রান্সের আধিপত্যে থাকা বিলাসপণ্য বাজারে নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারবে ইতালি।

এখন দেখার বিষয়, প্রাদা-ভার্সাচির এই জোট কীভাবে বদলে দেয় ইউরোপের ফ্যাশন দুনিয়ার মানচিত্র।

তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, সিএনএস, এনবিসি নিউজ