ডায়ানার ফ্যাশন ফিরিয়ে আনলেন কেট মিডলটন

কেট মিডলটনের পোশাক দেখে যেন পুরনো দিনের রাজকীয় স্টাইলে ফিরে যাওয়া। সাদা কাপড়ের উপর ছোট ছোট কালো পোলকা ডট, ক্লাসিক ডিজাইন হলেও কেটের পরনে তা যেন একেবারে নতুন করে ধরা দিল।

লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ভিই ডে-র ৮০ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে হাজির হন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এদিন তাঁর পরনে ছিল ব্রিটিশ ডিজাইনার অ্যালেসান্দ্রা রিচের ডিজাইন করা একটি মিডি ড্রেস।ঢিলেঢালা গলা, হাতার গোঁড়ায় আঁটো কাট, আর কোমরে হালকা রুচিং ডিজাইনের এই পোশাক ছিল একদিকে স্বাচ্ছন্দ্যপূর্ণ, অন্যদিকে রাজকীয়।

শোনা যাচ্ছে, এই একই পোশাক তিনি ২০২৩ সালের গার্টার ডে অনুষ্ঠানে পরেছিলেন, তবে সেবার স্টাইল ছিল একেবারে আলাদা।

লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন হাজির হন ব্রিটিশ ডিজাইনার অ্যালেসান্দ্রা রিচের ডিজাইন করা একটি মিডি ড্রেস। ছবি: ইনস্টাগ্রাম থেকে

পোশাকের সঙ্গে মিলিয়ে কেট মাথায় পরেছিলেন কালো পালক আর ফুল দেওয়া ফ্যাসিনেটর, ডিজাইন করেছেন জুলিয়েট বটেরিল। জুতোর ক্ষেত্রে বেছে নিয়েছেন রালফ লরেনের সোনালি রঙের ক্যালফস্কিন পাম্প। আর হাতে ছিল লন্ডনের ব্র্যান্ড ডেমেলিয়ারের ছোট্ট ন্যানো ব্যাগ, রংটা ছিল টোফির মতো গাঢ়।

সব মিলিয়ে কেটের লুক ছিল পরিপাটি, পরিমিত ও রাজকীয়। কিন্তু বিশেষ কিছু ছিল এই পোশাকে? এটি অনেকেরই মনে করিয়ে দিয়েছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত পোলকা ডট পোশাকের কথা। যা তিনি ১৯৮৬ সালে এপসাম রেসেসে পরেছিলেন। সেবার ডায়ানার পোশাক ছিল চওড়া কাঁধ ও কোমর আঁটা দুই টুকরার একটি সেট।

ডায়ানার প্রতি শ্রদ্ধা জানাতে কেট তাঁর কলিংউড হীরার ও মুক্তার দুলটিও পরেছেন। যেটা একসময় ডায়ানাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পুরনো দিনের স্টাইল আর আধুনিক ঘরানার এক মেলবন্ধন ছিল কেটের এই উপস্থিতি। আপনি যদি রাজকীয় ফ্যাশনের ভক্ত হন, তাহলে এমন মুডবোর্ডের মতো লুক নিঃসন্দেহে অনুপ্রেরণা দেবে।