ঝলমলে ক্যামেরা ব্যাগ হাতে নজর কাড়লেন ক্রিস্টেল ডিসুজা

ফ্যাশনের দুনিয়ায় কখনও কখনও পোশাক নয়, বরং ছোট্ট একটি অ্যাক্সেসরিই মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি বলিউড হাঙ্গামা স্টাইল আইকনস সামিট ২০২৫-এ হাজির হয়ে সে কথাই যেন আবার প্রমাণ করলেন টেলিভিশন অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা।

সেই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল ড্রামাটিকাল কাটের একটি কনট্যুর গাউন, ডিজাইন করেছেন লেবেল অ্যামব্রোসিয়া কুতুরে। কিন্তু আলোচনায় এগিয়ে ছিল তাঁর হাতে থাকা একটি ব্যাগ। যেটি দেখতে যেন একদম ক্যামেরা।

এই ব্যাগটি তৈরি করেছে ওশিনা ক্লাচেস, যার মূল্য প্রায় ২১ হাজার রুপি। পুরো ব্যাগজুড়ে হাতে বসানো হয়েছে আসল সোয়ারোভস্কি ক্রিস্টাল, যা আলোয় ঝলমল করে উঠছিল। শুধুই শোভাবর্ধক নয়, এই ব্যাগ একসঙ্গে মজাদার আর আভিজাত্যপূর্ণ। যা খুব সহজেই ফ্যাশন সচেতনদের মন কাড়ছে।

তাঁর ড্রামাটিকাল কাটের একটি কনট্যুর গাউন ডিজাইন করেছেন লেবেল অ্যামব্রোসিয়া কুতুরে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই ধরনের ব্যাগের জনপ্রিয়তা কিন্তু নতুন নয়। শিল্পসংগ্রাহক ও সমাজসেবী শালিনী পাসি ইতিমধ্যেই তাঁর ব্যতিক্রমী ব্যাগের জন্য পরিচিত। তাঁর সংগ্রহে রয়েছে পাখি, শামুক, কুকুর এমনকি এলিয়েন আকৃতির ব্যাগও। এই রকম ব্যাগগুলোর বিশেষত্ব হলো, এগুলো দেখতেও ব্যতিক্রম, ব্যবহারেও বেশ কাজের। ছোটখাটো প্রয়োজনীয় জিনিস সহজেই রাখা যায়। আবার যেকোনো অনুষ্ঠানে হয়ে ওঠে আলোচনার বিষয়।

ক্রিস্টেলের এই লুক যেন বলছে, ফ্যাশনের লাল গালিচায় নিজেকে প্রকাশ করার সবচেয়ে বড় উপায় হতে পারে একটি সাহসী অ্যাক্সেসরি। ব্যাগটি যে তাঁর পুরো চেহারার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

আপনিও যদি পরের পার্টিতে একটু অন্যরকম কিছু নিয়ে হাজির হতে চান। তাহলে এমন এক ঝলমলে ব্যাগ হয়তো আপনার জন্যও হতে পারে পারফেক্ট চয়েস।