৪৪ বছরে পা দিলেন সাসেক্সের ডাচেস মেগান মার্কেল। ৪ আগস্ট ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে তার লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাজ এভারের পক্ষ থেকে একটি সাদাকালো ছবি প্রকাশ করে। সেখানে লেখা হয়েছে, ‘তিনি আমাদের প্রতিটি কাজে হৃদয় ঢেলে দেন। আজকের দিনে আমরা কৃতজ্ঞতায় তাকে স্মরণ করি।’
পোর্ট্রেট ছবিতে দেখা যায়, ঢিলেঢালা গ্রীষ্মের পোশাকে মেগান। কালো স্ট্র্যাপযুক্ত ফ্লোই ড্রেসের সামনের দিকে বোতামের কাজ। চুল বাঁধা খসখসে করে, মাথায় প্রশস্ত প্রান্তের একটি স্ট্র হ্যাট।
গয়না নিয়ে বরাবরই পরিমিত রুচির পরিচয় দিয়েছেন মেগান। জন্মদিনেও ছিল তার চেনা ঘরানার স্টাইল, সোনার ব্রেসলেট, আঙুলে বিয়ের আংটি ও এনগেজমেন্ট রিং, গলায় হীরার টেনিস নেকলেস। হাতে ছিল তার প্রিয় কার্টিয়ে ট্যাঙ্ক ফ্রঁসেজের ঘড়ি। যা একসময় বিলঙ্ড করতেন প্রিন্সেস ডায়ানা। পরে এটি মেগানকে উপহার দেন প্রিন্স হ্যারি। ২০২০ সালে প্রথমবার এই ঘড়ি মেগানের হাতে দেখা যায়।
এই ঘড়ির বর্তমান বাজারমূল্য ২৫ হাজার মার্কিন ডলারের বেশি। তবে প্রিন্সেস ডায়ানার স্মৃতিমিশ্রিত এই ঘড়ির প্রকৃত মূল্য আসলে হিসাবের বাইরে।
নেটফ্লিক্স সিরিজ উইথ লাভ, মেগানের সময় মেগানের গয়নার স্ট্যাকিং স্টাইল নিয়ে আগ্রহ বাড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যালো!–এর এক প্রতিবেদনে বলা হয়, সিরিজের ট্রেলার প্রকাশের পরপরই ‘স্ট্যাকড ব্রেসলেট’ খোঁজার হার বেড়ে যায় ২১৫ শতাংশ।
রাজকীয় আভিজাত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে মেগান মার্কেল হয়ে উঠেছেন নীরব সৌন্দর্যের প্রতীক। তার জন্মদিনের এই ছবি যেন বলেই দিল, আভিজাত্য কখনো কখনো শব্দহীনভাবেই নিজেকে প্রকাশ করে।