ফিরে এলো ডেনিম-অন-ডেনিম, রইল স্টাইল টিপস

ডেনিম-অন-ডেনিম আবারও ফিরেছে। তবে এবার সেটা আর কাউবয় লুক নয়, বরং আরও স্টাইলিশ। কারিনা কাপুরের ঝকঝকে ডেনিম কো-অর্ড হোক বা প্রিয়াঙ্কা চোপড়ার লেয়ারড ডেনিম লুক। বলিউড তারকারা যেন নিজেদের মতো করেই শিখিয়ে দিচ্ছেন ডাবল ডেনিম স্টাইলিংয়ের পাঠ।

তবে হ্যাঁ, একেবারে মাথা থেকে পা পর্যন্ত একই রঙের ডেনিম পরে কাউবয় স্টাইলে বেরিয়ে পড়লে চলবে না। এখনকার ডেনিম ট্রেন্ড আগের থেকে অনেক বেশি পরিশীলিত ও ভার্সেটাইল। কীভাবে স্টাইল করবেন ডেনিম-অন-ডেনিম, সেটাই দেখে নিন।

রঙের তারতম্যে আনা হোক বৈচিত্র্য

ডেনিম মানেই কি একরঙা নীল? মোটেই না। বরং ভিন্ন রঙ বা ওয়াশ একসঙ্গে পরলেই বরং লুকটা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। যেমন, হালকা ওয়াশের ডেনিম শার্টের সঙ্গে গাঢ় রঙের জিন্স। এই কনট্রাস্ট স্টাইলটাকে দেয় একধরনের গভীরতা।

পরুন সঠিক কাটের ডেনিম

কাউবয় লুক এড়াতে চাইলে চাই সঠিক ফিটিংয়ের ডেনিম। ঢিলেঢালা জ্যাকেট পরলে তার সঙ্গে কোমর চেপে ধরা হাই-ওয়েস্টেড জিন্স পরে নিন। এতে গঠনগত ভারসাম্য আসে এবং পুরো লুকটা হয়ে ওঠে পরিপাটি ও আধুনিক।

সিলুয়েট নিয়ে খেলুন

সাবধান! পুরোটা যেন একেবারে টাইট বা একেবারে ঢিলেঢালা না হয়। ব্যাগি জিন্স পরলে সঙ্গে রাখুন ক্রপড বা ফিটেড জ্যাকেট। আবার চাইলে ডেনিম করসেটও পরতে পারেন ওয়াইড লেগ জিন্সের সঙ্গে। লুকটা তখন হয়ে যাবে একেবারে রেড কার্পেট রেডি!

শুধু নীল নয়, রঙে আনুন বৈচিত্র্য

ডেনিম মানেই যে নীল হতে হবে, এমন কোনও নিয়ম নেই। কালো ডেনিম-অন-ডেনিম লুক দারুণ স্মার্ট লাগে। সাদা ডেনিম আবার গরমের জন্য একদম পারফেক্ট। চাইলে প্রিন্টেড বা রঙিন ডেনিমেও আসতে পারেন এক্সপেরিমেন্টে।

এই ডেনিম-অন-ডেনিম ট্রেন্ডে যেমন আছে স্টাইল, তেমনই আছে আরাম। বলিউড তারকাদের মতো আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশন কুইন। শুধু খেয়াল রাখতে হবে কাট, রঙ আর সিলুয়েটের ভারসাম্য যেন ঠিক থাকে।