শরতের ফ্যাশন মানেই মাটির রং, উষ্ণ আবহ আর ভারী টেক্সচারের ছোঁয়া। এই মৌসুমে স্টাইল নিয়ে হাজির হয়েছেন দুই ভিন্ন ধাঁচের দুই প্রভাবশালী নারী, ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। একসঙ্গে তাঁদের উপস্থিতি যেন শরতের ফ্যাশনকে নতুন করে তুলে ধরল।
কেট মিডলটনের আভিজাত্যে শরতের ছোঁয়া
কেট মিডলটন আবারও প্রমাণ করলেন যে তিনি মাটির রঙের পোশাককে কতটা আপন করে নিয়েছেন। গাঢ় অলিভ সবুজ ক্রপড জ্যাকেটের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন নাটকীয় টাই-নেক ব্লাউজ। এর ওপর লম্বা উলের বাদামি স্কার্টে তৈরি হলো শরতের রঙিন ছায়া-মস সবুজ, বনবাদামি আর উষ্ণ নিউট্রাল টোন। কোমরে বেল্ট বেঁধে আকার দিলেন ঢিলেঢালা পোশাকে, সঙ্গে হাঁটুর ওপর পর্যন্ত বাদামি সুয়েড বুট। শরতের জন্য একেবারেই উপযুক্ত সাজ।
ফ্যাশনে মেলানিয়ার নিখুঁত রূপ
অন্যদিকে মেলানিয়া ট্রাম্প বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন কিছু। ক্যামেল রঙের সুয়েড মিলিটারি-অনুপ্রাণিত জ্যাকেট, কোমরে বেল্ট দিয়ে বাঁধা। এর সঙ্গে স্লিম-ফিট সাদা ট্রাউজার। পায়ে নিউড কালারের হাই হিল। যা লুককে করেছে লম্বাটে ও নিখুঁত। কেটের মতো তিনিও শরতের মাটির রংকে আপন করেছেন, তবে নিজের স্বতন্ত্র সৌন্দর্যে।
আসছে শরতের ট্রেন্ড
শুধু কেট-মেলানিয়া নন, গবেষণাভিত্তিক ট্রেন্ডও ইঙ্গিত দিচ্ছে, এই শরৎ হবে রঙ, টেক্সচার আর বৈচিত্র্যের এক ভিন্ন মিশ্রণ।
- বিউইচড অ্যাস্থেটিক: গ্রীষ্মের বোহেমিয়ান ছোঁয়া এবার আসছে গাঢ় রঙে। ভেলভেট আর সিল্কের মতো সমৃদ্ধ কাপড় হবে মূল আকর্ষণ।
- সিনচড স্যুটিং: ফ্যাশন বিশেষজ্ঞ কেন্ডাল বেকারের ভাষায়, ঢিলেঢালা ট্রাউজার থাকবে। তবে ব্লেজার, ভেস্ট আর টপসে আসছে কোমর আঁটসাঁট, ফিটেড লুক।
- মেটালিক ঝলক: রূপালি স্কার্ট থেকে সোনালি বুট, শরতের ফ্যাশনে আসছে উজ্জ্বল ধাতব আভা।