মুখে মুখোশ আর গলায় জড়ানো ডায়মন্ড চোকার, এ কেমন ফ্যাশন!

লস অ্যাঞ্জেলেসের আকাশ ঝলমল করছিল তারকাদের আলোয়। একাডেমি মিউজিয়াম গালা, হলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই রাতটিতে লাল গালিচায় ছিল তারকাদের মেলা। গ্ল্যামার, ফ্যাশন আর আলো, ঝলমলে মুহূর্তের এই আসরে এবারও সবাইকে চমকে দিলেন কিম কার্দাশিয়ান। মুখ ঢেকে, সবার দৃষ্টি নিজের দিকে টেনে নিলেন তিনি।

রিয়েলিটি টিভি তারকা ও স্কিমস ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা কিম কার্দাশিয়ান হাজির হয়েছিলেন একেবারে অভিনব সাজে। মুখে ছিল ত্বকের রঙের মতো নিউড কালারের মুখোশ। যা তাঁর গাউনটির রঙের সঙ্গেই পুরোপুরি মিশে গেছে। পরনে ছিল মেইজোঁ মারজিয়েলা’র ২০২৫ সালের শরতের কালেকশনের এক করসেট গাউন। গাউনের স্ট্র্যাপলেস ডিজাইন, কাঁধে ঝুলে থাকা ঢেউ খেলানো হাতার অংশ। সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত শিল্পকর্ম।

মুখোশের নিচে তাঁর ছিল সম্পূর্ণ মেকআপ ও হেয়ারস্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

তার পুরো সাজে একমাত্র গয়না ছিল গলায় জড়ানো ডায়মন্ড চোকার। যা মুখোশ ঢাকা মুখের সঙ্গে এক রহস্যময় আভা তৈরি করেছে। গালার লাল গালিচায় সাংবাদিক মার্ক মালকিনের সঙ্গে কথা বলতে গিয়ে কিম বলেন, ‘এই লুকটা একদম স্কিমস-এর মতো। যখন মারজিয়েলার ক্যুচার শোতে এই পোশাকটা দেখেছিলাম, তখনই ভেবেছিলাম, এটা তো পুরোপুরি স্কিমস ভাইব!;

তবে হাসতে হাসতে তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না!’ ফ্যাশনের নাটকীয়তায় কিম যেন ঠিক এই অন্ধত্বের মধ্যেই নিজের আলো ছড়িয়েছেন।

মুখোশের আড়ালে পূর্ণ সাজ

জানা গেছে, মুখোশের নিচে তাঁর ছিল সম্পূর্ণ মেকআপ ও হেয়ারস্টাইল। যা কেউ দেখতে না পেলেও কিমের নিখুঁত প্রস্তুতির গল্প বলে দেয়।

নাটকীয় ফ্যাশনচয়নে কিম কার্দাশিয়ানের জুড়ি মেলা ভার। সম্প্রতি তাঁর ব্র্যান্ড স্কিমস থেকে প্রকাশিত এক সীমিত সংস্করণের অন্তর্বাস লাইন, ‘ফক্স হেয়ার মাইক্রো স্ট্রিং থংস’ মুহূর্তের মধ্যেই বিক্রি শেষ হয়েছে। সমালোচনা হোক বা প্রশংসা, আলোচনার কেন্দ্রে থাকাটা যেন তাঁর অভ্যাস।

একাডেমি মিউজিয়াম গালা কেবল লাল গালিচার উৎসব নয়। এই আয়োজনে সংগৃহীত অর্থ ব্যয় করা হয় জাদুঘরের প্রদর্শনী, শিক্ষামূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগে, যা লস অ্যাঞ্জেলেসের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

রাতের ঝলমলে আলোয় যখন তারকারা ফ্যাশনের সৌন্দর্যে নিজেকে মেলে ধরছেন। তখন কিম কার্দাশিয়ান প্রমাণ করলেন, গ্ল্যামারের সংজ্ঞা শুধু পোশাকে নয়, সাহস ও সৃজনশীলতাতেও।