বিয়ের দাওয়াত মানেই সাজগোজ, ছবি তোলা আর একটু আলাদা করে নজর কাড়ার ইচ্ছে। কিন্তু কী পরবেন, কীভাবে সাজবেন? এই প্রশ্নে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে এখন, যখন পুরো বছরজুড়েই বিয়ের নিমন্ত্রণ আসছে। তখন নতুন আইডিয়ার খোঁজ আরও বেশি।
এই জায়গায় স্টাইল অনুপ্রেরণা হিসেবে ভরসা হতে পারেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে কীভাবে নিখুঁত সাজ তৈরি করতে হয়। তা যেন খুব সহজেই করে দেখান তিনি।
চলুন, তার কয়েকটি স্টাইল থেকে জেনে নেওয়া যাক। কীভাবে আপনি বিয়ের দাওয়াতে আলাদা করে নজর কাড়তে পারেন। দেখে নিন।
জাঁকজমক আর উজ্জ্বলতা
ডিজাইন আর টেক্সচারের ভিড়ে ভরপুর সাজ এখন ট্রেন্ডে। বড় কোনো দেশি বিয়ের অনুষ্ঠানেই এমন সাজ সবচেয়ে মানিয়ে যায়।
হানিয়ার একটি লুকে দেখা যায়, হালকা দুধসাদা নেট শাড়ি, যার ওপর রুপালি কাজ আর ঝলমলে মুকাইশ এমব্রয়ডারি। এর সঙ্গে হাল্টার নেক ব্লাউজ, যাতে ফুলের মতো ঝিকিমিকি কাজ। পুরো সাজটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
সাজ সম্পূর্ণ করতে তিনি বেছে নিয়েছেন ডায়মন্ড জুয়েলারি, হালকা পিংক মেকআপ আর স্লিক ব্যাক বান। এই লুকটি প্রমাণ করে, জাঁকজমকপূর্ণ সাজও হতে পারে পরিপাটি ও রুচিশীল।
ক্লাসিক সৌন্দর্য
সবাই ঝলমলে পোশাক পরলে আপনি কীভাবে আলাদা হবেন? খুব সহজ। বেছে নিন ক্লাসিক।
এই লুকে হানিয়া পরেছেন হালকা ব্লাশ সাদা লেসের শাড়ি। লেয়ার করা ডিজাইন আর ফ্রিল দেওয়া ব্লাউজ তাকে দিয়েছে এক ধরনের পুরনো হলিউডের আভিজাত্য।
চুলে ৬০ দশকের ঢেউখেলানো স্টাইল আর সোজা ডায়মন্ড দুল। সব মিলিয়ে খুবই পরিমিত, কিন্তু নজরকাড়া একটি সাজ। যারা বেশি ঝলমলে সাজ পছন্দ করেন না। তাদের জন্য এটি দারুণ অনুপ্রেরণা।
প্যাস্টেল রঙের জাদু
যদি কনের পোশাকে প্যাস্টেল না থাকে, তাহলে অতিথি হিসেবে আপনি সহজেই এই রঙ বেছে নিতে পারেন।
হানিয়ার একটি লেহেঙ্গা লুকে দেখা যায়, আয়না কাজ আর সূক্ষ্ম এমব্রয়ডারিতে ভরা পোশাক। তবে এর মূল আকর্ষণ হলো হালকা ফুলেল প্রিন্ট। যা পুরো সাজটিকে দিয়েছে আধুনিক ছোঁয়া।
এই লুকটি দেখলে বোঝা যায়, গোলাপি বা প্যাস্টেল রঙ কখনোই বেশি হয় না, যদি তা সঠিকভাবে পরা যায়।
চিরন্তন লাল
বিয়ের সঙ্গে লাল রঙের সম্পর্ক যেন চিরকালীন। যদি কনে লাল না পরেন, তাহলে অতিথি হিসেবে আপনি নিশ্চিন্তে লাল বেছে নিতে পারেন।
হানিয়ার লাল ঘারারায় দেখা যায় সোনালি সুতোয় ভারী কাজ। পোশাকের কাট বেশ পরিমিত, কিন্তু তার ফ্লো খুবই রাজকীয়।
গয়না খুব বেশি ভারী নয়। বরং পোশাকের সঙ্গে মিশে গেছে। আর মাথার পাশে থাকা ‘পাসা’। এই ছোট্ট অ্যাকসেসরিই পুরো সাজটিকে দিয়েছে বিয়ের উপযোগী এক আলাদা মাত্রা।
যখন কমই বেশি
সব সময় ভারী সাজই যে নজর কাড়বে, এমন নয়। অনেক সময় হালকা, পরিমিত সাজই সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে।
হানিয়ার একটি লুকে দেখা যায় ল্যাভেন্ডার রঙের ক্রাশড সিল্ক শাড়ি। আলো পড়লে শাড়িটি ঝলমল করে ওঠে, আর সোনালি বর্ডার সেটিকে দিয়েছে ভারসাম্য।
এর সঙ্গে ডায়মন্ড সেট আর প্রাকৃতিক ঢেউখেলানো চুল। সব মিলিয়ে খুবই সহজ, কিন্তু দারুণ একটি সাজ।
বিয়ের দাওয়াতে আলাদা করে নজর কাড়তে হলে খুব বেশি কিছু করার দরকার নেই। দরকার শুধু সঠিক ভারসাম্য, ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে।
হানিয়া আমিরের স্টাইল থেকে একটি বিষয় স্পষ্ট, আপনি যাই পরুন না কেন, সেটি যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।
কারণ শেষ পর্যন্ত ফ্যাশন মানে শুধু পোশাক নয়। এটি আপনার আত্মবিশ্বাসেরই প্রকাশ।