এরই মধ্যে বাজারগুলোতে চলে এসেছে শীতের সবজি। তাই এসব সবজি দিয়ে রান্না করতে পারেন মজার মজার আইটেম। এই পর্বে রইল শাহী ফুলকপির রেসিপি। সাদা ভাত কিংবা পরোটা দিয়েও খাওয়া যাবে এই পদটি।
যা যা লাগবে
একটি ফুলকপি, আলু ১টি, গাজর ১টা, পেঁয়াজ ৩টি (কুচি করে কাটতে হবে), রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হিং ১ চিমটি, নারকেল দুধ হাফ কাপ, তেঁতুলের গোলানো ১/৪ কাপ, কিশমিশ ১০টা, কাজুবাদাম ১০টা, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, এলাচ ১টা, ধনেপাতা কুচি ১/৪ কাপ।
যেভাবে বানাবেন
প্রথমে একটি ফ্রাইংপ্যানে তেল গরম করে, তাতে এলাচ ও হিংয়ের ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে, অর্ধেকটা তুলে রাখুন। এবার বাকিটাতে রসুন ও আদা বাটা দিয়ে ভেজে নিন। তাতে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে ফুলকপি, আলু ও গাজর টুকরো করে কেটে দিন। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন।
এবার নারকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। তারপর তেঁতুলের গোলা, কাজুবাদাম ও কিশমিশ দিন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। নামানোর পর উপর থেকে ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। তারপর ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।