স্বাস্থ্যসচেতন বাঙালির রান্নাঘরে ক্রমশ জায়গা করে নিচ্ছে এয়ার ফ্রায়ার। চুলায় রাঁধতে যে পরিমাণ তেলের প্রয়োজন পড়ে, তার চেয়ে অনেক কম তেলে কাজ হয়ে যায় এয়ার ফ্রায়ারে। চিকেন পাকোড়া থেকে ফিশ তন্দুরি, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুই অল্প সময়ের মধ্যে বানানো যায় এই যন্ত্রের মাধ্যমে।
শীতের বাজার এখন সবজিতে সয়লাব। বাড়িতে কীভাবে এয়ার ফ্রায়ারে শীতের সবজি ফুলকপির পাকোড়া বানাবেন, রইল তার রেসিপি।
উপকরণ: ফুলকপি মাঝাারি ১টি, বড় পেঁয়াজ ১টি, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, চাট মশলা ১ চা চামচ, বেসন ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ স্বাদমতো
প্রণালী: প্রথমে ফুলকপি টুকরা করে কেটে ভাপিয়ে নিতে হবে। এরপর টুকরাগুলোকে ম্যাশ করে পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচামরিচ বাটা আর লবণ দেবেন। এরপর একে একে শুকনা মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া এবং চাট মশলা মেশাবেন।
এরপর বেসন আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে বলের আকারে বানিয়ে নেবেন। এবার এয়ার ফ্রায়ারে পাকোড়াগুলো রেখে ওপরে সামান্য তেল ব্রাশ করে নেবেন। শেষে ২০০ ওয়াটে মিনিট পনের ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকপির পাকোড়া। বিকেলের চা আর পছন্দের সস সহযোগে পরিবেশন করুন।