চীনা নববর্ষে খাওয়া ঐতিহ্যবাহী টস সালাদ যেভাবে বানাবেন

চীনা নববর্ষ এসে গেছে। তাদের এই উদযাপন সম্পূর্ণ হয় ‘প্রোস্পেরিটি টস সালাদ’ খাওয়ার মাধ্যমে। সালাদ খাওয়ার আগে ভিন্ন রকম একটি কৌশল করে তারা। একটা জায়গায় সব উপকরণ একসাথে রাখে, তারপর সবাই মিলে সেটাকে মিক্স করে। তারপর বাটিতে উঠিয়ে নেয়। প্রথাগত এই খাবারটি স্বাস্থ্যকর এবং সুস্বাদুও। রইল মজার এই সালাদের রেসিপি।

উপকরণ: সালাদের জন্য লাগবে ১ কাপ স্যামন, ১/২ কাপ মিষ্টি মুলা বা শালগম, ১/৪ কাপ লেটুস (কাটা), ১/৪ কাপ শসা (কুচি), ১/৩ কাপ পোমেলো (না পেলে নাশপাতি দিতে পারেন), ২ টেবিল চামচ আদা (কুচি), গাজর কুচি ১টি, ১ টেবিল চামচ হোইসিন সস, ১ টেবিল চামচ প্লাম সস, ১ টেবিল চামচ ভাজা বাদাম, ১/৩ টেবিল চামচ ভাজা তিল, ৫টি ওনথুন রেপার এবং ৩ টেবিল চামচ তেল।

টস করারপর সস দিয়ে খেতে হয় এই সালাদ। ছবি: সংগৃহীত

তৈরি পদ্ধতি: প্রথমে একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হওয়া শুরু হলে, ওনথুন রেপারগুলো স্ট্রিপ আকারে কেটে ভাজুন। মনে রাখবেন, একসাথে অনেক স্ট্রিপ ভাজবেন না। তাহলে সবগুলো সমানভাবে ভাজা হয়। উভয় দিক ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলুন। এরপর গাজর, শসা এবং মিষ্টি মুলা বা শালগমকে ছোট টুকরো করে কেটে রাখুন।

এখন, স্যামন স্ট্রিপগুলো কেটে নিন। পোমেলোকে টুকরো করে নিন। প্লেটে স্যামন রাখুন এবং ক্রিস্পি ওনথুন স্ট্রিপগুলোও সাথে রাখুন এবং মাঝখানে আদা কুচি দিন। হোইসিন সস এবং প্লাম সস একসাথে মিশিয়ে একপাশে রেখে দিন।

ঐতিহ্য অনুসরণ করতে, বাদাম এবং ভাজা তিল ড্রেসিংয়ের আগে যোগ করতে পারেন। সব উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সস দিয়ে পরিবেশন করুন। ব্যস তৈরি মজার টস সালাদ।