ইফতারের জন্য চিকেন সাসলিক হতে পারে দারুণ একটি আইটেম। এটি একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তৈরি প্রক্রিয়াও বেশ সহজ। আপনি গ্রিল বা ফ্রাই করে পরিবেশন করতে পারবেন। এখানে সহজ ও মজাদার চিকেন সাসলিক রেসিপি দেওয়া হলো।
উপকরণ
মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম (কিউব করে কাটা), ক্যাপসিকাম ১টি (সবুজ, লাল বা হলুদ কিউব করে কাটা), পেঁয়াজ ১টি (কিউব করে কাটা), টমেটো ১টি (বড় টুকরো), রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, দই ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, চাট মসলা ১/২ চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও কাঠি বা স্কিউয়ার স্টিক কয়েকটি।
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে মুরগির টুকরো, দই, রসুন-আদা বাটা, লেবুর রস, সয়া সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করুন (যদি সময় থাকে, ৩-৪ ঘণ্টা রাখলে স্বাদ আরও ভালো হবে)। কাঠির মধ্যে একটি করে মেরিনেট করা মুরগির টুকরো, ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো গেঁথে নিন। এভাবে সব স্টিক প্রস্তুত করুন।
চুলায় গ্রিল প্যানে সামান্য তেল ব্রাশ করে মাঝারি আঁচে গ্রিল করুন। প্রতিটি পাশে ৭-৮ মিনিট করে গ্রিল করুন। চাইলে নন-স্টিক ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল গরম করে মিডিয়াম আঁচে ভাজতে পারেন। ওভেনে করতে চাইলে ২০০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন।
ইফতারে গরম গরম পরিবেশন করুন সস বা রায়তার সঙ্গে। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি, যা ইফতারের জন্য পারফেক্ট।