ইফতারে অনেকে ভিন্ন কিছু পছন্দ করেন। তাই বাড়িতে চিকেন ফাজিটা বানিয়ে চমক দিতে পারেন সবাইকে। এটি মূলত মেক্সিকান খাবার। ফাজিটা সাধারণত গ্রিল করা মাংস (চিকেন বা বিফ), ক্যাপসিকাম, পেঁয়াজ এবং বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি হয়। সাধারণত টর্টিয়া রুটি দিয়ে পরিবেশন করা হয়। তবে আজকাল ফিউশন রেসিপি হিসেবে এটি বিভিন্ন ধরণের ব্রেড, রোল বা পকেটের সাথে তৈরি করা হয়। তার মধ্যে অন্যতম ক্রিমি চিকেন ফাজিটা ব্রেড পকেটস।
এটি মূলত মেক্সিকান স্বাদ ও স্ট্রিট ফুড কালচারের সাথে আধুনিক সংযোজন। যা এখন বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। মজাদার ক্রিমি চিকেন ফাজিটা ব্রেড পকেটস ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন ইফতারে। রইল সহজ রেসিপি।
যা যা লাগবে
চিকেন ফাজিটা ফিলিংয়ের জন্য লাগবে চিকেন (কুচি করা) ১ কাপ, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, ক্যাপসিকাম (লাল, হলুদ ও সবুজ) ১/২ কাপ (কিউব), আদা-রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ফাজিটা সিজনিং ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, মেয়োনিজ ২ টেবিল চামচ এবং চিজ ১/২ কাপ (গ্রেট করা)।
ব্রেড পকেটসের জন্য লাগবে স্যান্ডউইচ ব্রেড ৪-৬ পিস, ডিম ১টি, দুধ ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১ কাপ ও ভাজার জন্য তেল।
প্রস্তুত প্রণালি
প্রথমে তৈরি করতে হবে ফাজিটা চিকেন ফিলিং। তার জন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে হালকা ভাজুন। এরপর চিকেন দিয়ে ভেজে নিন, সাথে লবণ, গোলমরিচ, ফাজিটা সিজনিং ও চিলি ফ্লেক্স দিন। ক্যাপসিকাম যোগ করে ভালোভাবে নেড়েচেড়ে নিন। মিশ্রণটা হয়ে এলে টমেটো সস, মেয়োনিজ ও চিজ মিশিয়ে নামিয়ে ফেলুন।
তারপর ব্রেড পকেট তৈরির পালা। প্রথমে ব্রেডের চারপাশের শক্ত অংশ কেটে ফেলে দিন। রোলিং পিন দিয়ে ব্রেডগুলো পাতলা করে নিন। এর মাঝখানে ১-২ চামচ ফাজিটা ফিলিং দিয়ে দুই পাশ একসাথে এনে পকেটের মতো বানান। ডিম ও দুধ একসাথে ফেটিয়ে নিন। ব্রেড পকেটগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেডক্রাম্বে মেখে নিন। তেল গরম করে সোনালি বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নিন।
গরম গরম চিকেন ফাজিটা ব্রেড পকেট পরিবেশন করুন মেয়োনিজ, চাটনি বা সসের সাথে।