ঈদের সকালে সবাইকে মিষ্টিমুখ করাতে বানাতে পারেন শাহী খুরমা। গরম গরম শাহী খুরমা, তার সাথে শুকনো খেজুর, বাদাম, পেস্তা—এইসব উপকরণের মেলবন্ধন ঈদের খাবারের আনন্দকে আরো তৃপ্তিদায়ক করে তোলে। তবে এই শাহী খুরমা কীভাবে বানাবেন, চলুন দেখি।
উপকরণ
তরল দুধ ১ লিটার, দেশি ঘি ২ টেবিল চামচ, শুকনো খেজুর (সেদ্ধ ও কাটা) ৮-১০টি, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, আলমন্ড কুচি ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চিনি ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা-চামচ, দেশি ঘি ২ টেবিল চামচ, লম্বা সেমাই ভাঙা ৪০ গ্রাম, কেওরা জল ১/২ চা-চামচ এবং শুকানো গোলাপের পাপড়ি।
প্রস্তুত প্রণালী
প্রথমে প্যানে তরল দুধ ঢেলে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। এবার আর একটি প্যানে ঘি দিয়ে গলিয়ে নিন। তাতে সেদ্ধ ও কাটা খেজুর দিন। খেজুর ভালো করে মিশিয়ে নিন। এরপর কাজু, বাদাম, পেস্তা এবং কিশমিশ দিন এবং ২ মিনিট ভেজে নিন।
ভাজা বাদামগুলো আগে ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিন। কিছুটা ভাজা বাদাম আলাদা করে রেখে দিন। এরপর এতে চিনি ও এলাচির গুঁড়া যোগ করুন। ৪-৫ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন।
এবার আর একটি ফ্রাইং প্যানে আরও খানিকটা ঘি গলিয়ে নিয়ে, তাতে ভেঙে রাখা সেমাই দিন। মিনিট দুই ভাজুন। তারপর ভাজা সেমাই বাদাম-দুধের মিশ্রনে ঢেলে দিন। ভালোভাবে মিশিয়ে ৬-৮ মিনিট রান্না করুন।
সবশেষে কেওরা জল দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটা যখন ঘন হয়ে আসেবে, তখন রান্না বন্ধ করুন। এবাটা বাটিতে ঢেলে নিন। তারপর উপরে ভাজা বাদাম ও শুকানো গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এই শাহী খুরমা ঈদে সকলকে চমকে দিতে পারে। বাড়িতে তৈরি করুন এবং ঈদের আনন্দের মাঝে সবার মুখে হাসি ফুটিয়ে তুলুন।