গরমের কড়া রোদে ঠান্ডা এক গ্লাস পানীয় যেন শরীর এবং মনকে প্রশান্তি দেয়। এমনই এক দারুণ পানীয় হলো গ্যালাক্সি। এটি শুধু আপনার পিপাসা মেটাতে সাহায্য করবে না, বরং লেবুর তাজা স্বাদে পুরো অনুভূতি হয়ে উঠবে অনন্য। রইল রেসিপি।
উপকরণ: পানি ৪ কাপ, শুকনো বাটারফ্লাই পী ফুল ৫ গ্রাম (১৮-২০টি ফুল), চিনি ১/২ কাপ (স্বাদ অনুযায়ী), ক্রাশ করা বরফ, খাওয়ার উপযোগী সিলভার গ্লিটার ১/৪ চা-চামচ, লেবুর রস ২-৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), লেবুর টুকরা এবং পুদিনা পাতা।
প্রস্তুত প্রণালী: প্রথমে একটি কেটলিতে ৪ কাপ পানি নিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠার পর তাতে শুকনো বাটারফ্লাই পী ফুলগুলো দিয়ে হালকা আঁচে ৫ মিনিট রেখে দিন। এরপর চিনি মিশিয়ে দিন। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর ছেঁকে নিতে হবে। এই সিরাপটি কিছু সময় ঠান্ডা হতে দিন।
তারপর একটি গ্লাসে পরিমাণ মতো ক্রাশ করা বরফ দিন। এর মধ্যে প্রস্তুতকৃত বাটারফ্লাই পী সিরাপ ৩/৪ কাপ ঢালুন। এরপর খাওয়ার উপযোগী সিলভার গ্লিটার মেশান। এই মিশ্রণে লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে দিন। এরপর গ্লাসটি লেবুর টুকরো এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
তৈরি হয়ে গেল গ্যালাক্সি লেমোনেড। গরমের দিনগুলোতে আপনাকে দারুণভাবে রিফ্রেশ করবে এই পানীয়।