ঘরেই তৈরি করুন মুচমুচে সুস্বাদু পাফ, রইল সহজ রেসিপি

বিফ কারি পাফ মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় একটি ফিউশন স্ন্যাকস। এই খাবারটি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাই কুজিনেও দেখা মেলে। তবে এটি ব্রিটিশ পাফ পেস্ট্রি আর দক্ষিণ এশিয়ার কারি কনসেপ্টের এক অসাধারণ মিশ্রণ।

এই খাবারটি মূলত ব্রিটিশদের কাছ থেকে ‘পেস্ট্রি’ ধারা নিয়ে, স্থানীয় উপাদান যেমন কিমা, মসলা, আদা-রসুন, গাজর ও মটরশুঁটির সংমিশ্রণে তৈরি হয়। বিশেষ করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এর অনেক জনপ্রিয়তা আছে।

বাংলাদেশ, ভারত বা পাকিস্তানেও এখন এটি জনপ্রিয় হয়ে উঠছে বিকেলের নাশতায় কিংবা গেট-টুগেদারে পরিবেশনের জন্য। রইল সহজ রেসিপি।

যা যা লাগবে

তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, গরুর কিমা ২৫০ গ্রাম, রসুন কুচি ১/২ টেবিল চামচ, আদা কুচি ১/২ টেবিল চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১/৪ চা-চামচ, টমেটো কিউব ১টি, মটরশুঁটি ১/৪ কাপ, গাজর কুচি ১/৪ কাপ, পানি ১/৪ কাপ, পাফ পেস্ট্রি ১ কেজি, ডিমের কুসুম ১টি, পানি ১ চা-চামচ এবং সাদা তিল পরিমাণমতো।

যেভাবে করবেন

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিন। তারপর কিমা দিয়ে দিন। কিমা নরম হয়ে রঙ বদলালে দিন আদা-রসুন কুচি। ১-২ মিনিট নাড়ুন। এরপর একে একে দিন লবণ, মরিচ, জিরা, হলুদ ও গরম মসলা। ২-৩ মিনিট রান্না করুন। টমেটো, মটরশুঁটি ও গাজর দিয়ে ভালোভাবে মেশান। পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৫ মিনিট রান্না করে পানি শুকিয়ে নিন। ঠান্ডা হতে দিন।

এবার পাফ বানানোর পালা। পাফ পেস্ট্রিতে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিন। গোল করে কেটে নিন (৪ ইঞ্চি)। এক পাশে পানি লাগিয়ে পুর দিন, অর্ধচন্দ্রাকারে ভাঁজ করে চেপে আটকে দিন। বেকিং ট্রেতে রেখে ডিমের কুসুম ও পানির মিশ্রণ ব্রাশ করে দিন। উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিন।

তারপর প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন। আপনি চাইলে এয়ার ফ্রায়ারেও করতে পারেন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন। এবার টমেটো কেচাপ বা পছন্দের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।