বাজারজুড়ে আমের বাহার, আর এই সময়টাতে তৈরি করা যায় একটুখানি ঠান্ডা ঠান্ডা আমের কোনো ডেজার্ট। তবে মন্দ হয় না। ঘরেই বানাতে পারেন আমের চিজকেক। এই চিজকেক বানাতে কিন্তু চুলার দরকার নেই। না বেক করেও জমে ওঠে এই মিষ্টি। দরকার কেবল কয়েকটা সাধারণ উপকরণ আর একটু ধৈর্য। দেখে নিন রেসিপি। আম দিয়েই হোক ঈদের মিষ্টিমুখ।
যা যা লাগবে
- বিস্কুট ২০০ গ্রাম
- ব্লু ব্যান্ড মার্জারিন ৮০ গ্রাম
- ক্রিম চিজ ৩০০ গ্রাম
- দই ১/৩ কাপ
- চিনি (বারিক/ক্যাস্টার) ১/৩ কাপ
- ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
- আমের পাল্প/পিউরি ১ ও ১/২ কাপ
- পানি ১/৪ কাপ
- জেলাটিন পাউডার ১ টেবিল চামচ
- হুইপিং ক্রিম ২৫০ মিলি
- আমের পাল্প ১ কাপ
- চিনি (বারিক/ক্যাস্টার) ৩ টেবিল চামচ
- লেবুর রস ১/২ চা-চামচ
- পানি ১/৪ কাপ
- জেলাটিন পাউডার ১ টেবিল চামচ
- আমের টুকরো
- চেরি
- পুদিনা পাতা
যেভাবে বানাবেন
প্রথমে একটি চপার বা ব্লেন্ডারে বিস্কুট দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। এরপর মাইক্রোওয়েভে গলানো মার্জারিন (৩০ সেকেন্ড) মিশিয়ে আবার ব্লেন্ড করুন যেনো মিশ্রণটা একসাথে ভালোভাবে মেশে যায়। একটি ৮ ইঞ্চি লুজ বটম কেক প্যানে বিস্কুটের মিশ্রণ ঢেলে ভালোভাবে চেপে সমান করে দিন। এরপর সেট করতে ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।
এখন একটি বড় বাটিতে ক্রিম চিজ, দই, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নিন। এর মধ্যে আমের পিউরি মিশিয়ে আবার ফেটিয়ে নিন যেন সব উপকরণ ভালোভাবে মিশে যায়। অন্য একটি ছোট বাটিতে পানি ও জেলাটিন পাউডার মিশিয়ে ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে দিয়ে গলিয়ে নিন। এই গলানো জেলাটিনে চিজ মিশ্রণের ১ টেবিল চামচ নিয়ে মিশিয়ে আবার পুরো চিজ মিশ্রণে ঢেলে দিন এবং ভালোভাবে বিট করুন।
আরেকটি বাটিতে হুইপিং ক্রিম বিট করে নরম ফেনার মতো করে নিন (সফট পিক)। এরপর চিজ মিশ্রণের সঙ্গে মিশিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি বিস্কুটের স্তরের ওপর ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। হালকা করে কিছুক্ষণ ট্যাপ করে ফ্রিজে রাখুন ১ ঘণ্টা।
এবার ম্যাঙ্গো জেলির জন্য একটি জগে আমের পিউরি, চিনি ও লেবুর রস মিশিয়ে নিন। আলাদা বাটিতে পানি ও জেলাটিন মিশিয়ে ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে দিয়ে গলিয়ে এই মিশ্রণে মেশান। এই জেলির মিশ্রণটি চিজকেকের ওপর ঢেলে দিন এবং সমানভাবে ছড়িয়ে কিছুক্ষণ ট্যাপ করে ফ্রিজে রেখে দিন ৪–৬ ঘণ্টা।
ফ্রিজ থেকে বের করে উপর থেকে আমের টুকরো, চেরি আর পুদিনা পাতায় সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মজাদার আমের চিজকেক। চুলা ছাড়াই তৈরি এই ডেজার্ট ঈদের মিষ্টিমুখে বাড়িয়ে দেবে ভিন্ন স্বাদ।