টমেটো পাস্তা রেসিপি, ঘরেই মিলবে রেস্তোরাঁর স্বাদ

পাস্তা খেতে ভালোবাসেন, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার সময় বা ইচ্ছা কোনোটাই নেই? তারা ঘরেই তৈরি করতে পারেন একেবারে রেস্টুরেন্টের মতো টমেটো পাস্তা। খুব সহজ কিছু উপকরণে আর অল্প সময়েই তৈরি হবে এই লাজবাব পদ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন।

যা যা লাগবে

  • রান্নার তেল ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ১টি বড়
  • রসুন কুচি দেড় টেবিল চামচ
  • টমেটো পেস্ট ২ টেবিল চামচ
  • চিকেন স্টক ১ কাপ
  • ক্রিম ৫০ মিলিলিটার
  • চেডার চিজ কুচি ৫০ গ্রাম
  • চিলি অয়েল ২-৩ টেবিল চামচ
  • গুঁড়া গোল মরিচ ১/২ চা-চামচ
  • ইতালিয়ান হার্বস ১ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ বা স্বাদমতো
  • স্প্যাগেটি ২৫০ গ্রাম
  • ফ্রেশ পার্সলে কুচি ১ টেবিল চামচ
  • অতিরিক্ত চিলি অয়েল ও পার্সলে গার্নিশের জন্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। মাঝারি আঁচে ১-২ মিনিট নাড়ুন। রসুন কুচি যোগ করে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর দিন টমেটো পেস্ট। ভালোভাবে মিশিয়ে ১-২ মিনিট রান্না করুন। এবার চিকেন স্টক ঢেলে দিন, মিশিয়ে ঢেকে দিয়ে কম আঁচে ৪-৫ মিনিট রান্না করুন।

ঢাকনা খুলে এবার দিন ক্রিম, চিজ, চিলি অয়েল, গোল মরিচ, ইতালিয়ান হার্বস ও পিঙ্ক সল্ট। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এরপর সেদ্ধ করা স্প্যাগেটি দিয়ে ভালোভাবে মেশান। উপর থেকে পার্সলে ছড়িয়ে দিন এবং আরও একবার মেশান।

একটি সার্ভিং প্লেটে পাস্তা তুলে নিন। উপর থেকে কিছুটা চিলি অয়েল ও পার্সলে ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।

টিপস

  • চাইলে ভেজিটেবল স্টক ব্যবহার করতে পারেন নিরামিষ পাস্তা তৈরির জন্য।
  • পার্সলে না থাকলে ধনেপাতাও বিকল্প হতে পারে।

ঘরেই হোক রেস্টুরেন্টের স্বাদ। নিজের হাতে তৈরি টমেটো পাস্তার সঙ্গে জমে উঠুক আপনার পরিবারের বিকেল বা রাতের খাবার।