সকালের নাশতায় বানাতে পারেন ক্রোয়াসঁ স্যান্ডউইচ, রইল রেসিপি

সকালের নাশতা হোক কিংবা বিকেলের ঝটপট খাবার, ডিম, চিজ আর মোরতাদেলা দিয়ে বানানো ক্রোয়াসঁ স্যান্ডউইচ হতে পারে দারুণ এক মুখরোচক অপশন। মাখনের ঘ্রাণ আর মেল্টি চিজের টানে একবার মুখে দিলেই মুড ভালো হয়ে যাবে।

এগ ক্রোয়াসঁ স্যান্ডউইচ মূলত ফ্রেঞ্চ ও ওয়েস্টার্ন কুজিনের ফিউশন। এতে ব্যবহৃত ক্রোয়াসঁ ফ্রান্সের জনপ্রিয় পেস্ট্রি, আর ভেতরের স্ক্র্যাম্বলড এগ, চিজ ও মোরতাদেলা যুক্ত ফিলিং। এই খাবারটি যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ব্রেকফাস্ট স্টাইল থেকে অনুপ্রাণিত। এটি এখন অনেক দেশে জনপ্রিয় ও মুখরোচক নাশতা।

যেকোনো নাশতায় বা শিশুর টিফিনেও দিতে পারেন মজার এই স্যান্ডউইচ। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

  • মেয়োনেজ ১/২ কাপ
  • টমেটো কেচাপ দেড় টেবিল চামচ
  • হট সস ১ টেবিল চামচ
  • অনিয়ন পাউডার ১/২ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ (বা স্বাদমতো)
  • গার্লিক পাউডার ১/২ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদমতো
  • ডিম ২টি
  • দুধ ২ টেবিল চামচ
  • বাটার ২ চা-চামচ
  • ক্রোয়াসঁ ২টি
  • লেটুস পাতা ২টি
  • টমেটো পাতলা করে কাটা
  • চেডার চিজ স্লাইস ২টি
  • মোরতাদেলা স্লাইস (চিকেন/বিফ কোল্ড কাটস) ২-৩টি

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি বাটিতে মেয়োনেজ, টমেটো কেচাপ, হট সস, অনিয়ন পাউডার, লাল মরিচ গুঁড়া, গার্লিক পাউডার ও হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ একসাথে ভালোভাবে ফেটিয়ে নিন। তারপর এটি একটি স্কুইজ বোতলে ভরে রাখুন।

আরেকটি বাটিতে ডিম, দুধ ও এক চিমটি পিঙ্ক সল্ট দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। একটি ফ্রাইং প্যানে মাখন দিন এবং গলতে দিন। এরপর ফেটানো ডিম ঢেলে দিন এবং অল্প আঁচে নেড়ে স্ক্র্যাম্বল করে রান্না করুন। রান্না হয়ে গেলে সাইডে রাখুন।

ক্রোয়াসঁ (বান) মাঝ বরাবর কেটে নিন। প্যানে হালকা করে তেল ব্রাশ করে ক্রোয়াসঁ দুপিঠ ভালোভাবে টোস্ট করে নিন যতক্ষণ না হালকা সোনালি রঙ হয়।

এবার টোস্ট করা ক্রোয়াসেঁর একপিঠে আগে বানানো সস মাখান। তার ওপর একে একে দিন লেটুস পাতা, টমেটো স্লাইস, চেডার চিজ স্লাইস, মোরতাদেলা স্লাইস এবং স্ক্র্যাম্বল করা ডিম। এরপর আরেকটি টোস্ট করা ক্রোয়াসেঁর অংশ দিয়ে স্যান্ডউইচটি ঢেকে দিন।

গরম গরম এই দারুন স্যান্ডউইচ সকালের নাশতা কিংবা বিকেলের স্ন্যাকস হিসেবে পরিবেশন করুন।