ডালের তৈরি ডোনাট, তাও আবার পাকোড়ার মতো ক্রিস্পি। বিকেলের নাশতায় মুখরোচক এই স্ন্যাকস বানাতে সময় লাগবে খুব কম, আর স্বাদে ভরপুর। ডালের গুঁড়া, কাঁচা মরিচ, কারি পাতা আর খানিকটা বেসনের মিশেলে তৈরি হয় একেবারে ভিন্নধর্মী এই মজার খাবারটি। রইল রেসিপি।
যা যা লাগবে
- মুগ ডাল ১ কাপ
- ছোলা ডাল আধা কাপ
- তেল ৩ টেবিল চামচ
- আদা কুচি ১ চা চামচের একটু বেশি
- জিরা ১ চা-চামচ
- সাদা তিল আধা টেবিল চামচ
- কারি পাতা কুচি ১২-১৪টি
- লাল মরিচ ক্রাশ বা চিলিফ্লেক্স ১ চা-চামচ
- পানি ১ কাপ বা প্রয়োজনমতো
- মাঝারি সাইজের আলু ১টি
- হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ
- কাঁচা মরিচ কুচি ২টি
- বেসন ৪ টেবিল চামচ
- ধনেপাতা কুচি একমুঠো
- ভাজার জন্য তেল
যেভাবে বানাবেন
মুগ ডাল ও ছোলা ডাল একসঙ্গে কড়াইয়ে অল্প আঁচে ভেজে নিন। ডাল থেকে হালকা সুগন্ধ এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার এই ভাজা ডাল ব্লেন্ডারে বা মসলা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে রাখুন।
একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে আদা কুচি, জিরা, তিল, কারি পাতা ও লাল মরিচ ক্রাশ দিয়ে নাড়ুন। গন্ধ বের হলে পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে কুচানো আলু যোগ করুন।
এবার দিন লবণ ও কাঁচা মরিচ কুচি। তারপর ধীরে ধীরে গুঁড়া করা ডাল দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। অল্প আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হলে তাতে বেসন ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।
হাতে অল্প তেল মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে মাঝখানে ছিদ্র করে ডোনাটের মতো আকার দিন। এভাবে ২৪-২৫টি তৈরি হবে। মিশ্রণ বেশি শুকনো হলে একটুখানি পানি দিতে পারেন। আবার যদি নরম হয়, তাহলে বাড়তি বেসন মিশিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ডোনাটগুলো বাদামি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে তুলুন। পরিবেশন করুন টকদই, চাটনি বা মসলাদার সসের সঙ্গে।
এই ডোনাট পাকোড়াগুলো নাশতার টেবিলেও ঝটপট বানিয়ে রাখা যায়। চাইলে ডালের মিশ্রণ আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরিবেশনের সময় শুধু ভেজে নিলেই হলো।