শুধু সকালের নাশতায় নয়, বিকেলের নাস্তা কিংবা হালকা ক্ষুধা মেটাতেও দারুণ সঙ্গী মিল্ক ব্রেড। বাজারের প্যাকেটজাত পাউরুটি খেতে চাইছেন না? তাহলে ঘরেই বানিয়ে ফেলুন এই নরম, তুলতুলে ও মিষ্টি স্বাদের মিল্ক ব্রেড। দুধ, ডিম আর অলিভ অয়েলে তৈরি এই ব্রেড বানানো যেমন সহজ, খেতে তেমনি অসাধারণ। রইল রেসিপি।
উপকরণ
- হালকা গরম ফুলক্রিম দুধ ১/২ কাপ
- হালকা গরম পানি ১/২ কাপ
- চিনি ১/২ টেবিল চামচ
- ইস্ট (ইনস্ট্যান্ট) ২ ও ১/২ চা-চামচ
- ময়দা ৩ কাপ (একসাথে নয়, ধাপে ধাপে ব্যবহার করতে হবে)
- মিল্ক পাউডার ২ ও ১/২ টেবিল চামচ
- লবণ ১/২ চা-চামচ
- কাস্টার সুগার ১ টেবিল চামচ
- ডিম ১টি
- অলিভ অয়েল (২+১) টেবিল চামচ এবং ১ চা-চামচ
- দুধ ব্রাশ করার জন্য
- মাখন বেক করার পর উপর মাখানোর জন্য
যেভাবে বানাবেন
একটি মেজারমেন্ট জগে হালকা গরম দুধ, পানি, চিনি ও ইস্ট মিশিয়ে নিন। ঢেকে রাখুন ১০ মিনিট, দেখবেন ইস্ট ফুলে উঠবে।
বড় একটি বাটিতে ১ কাপ ময়দা, মিল্ক পাউডার, লবণ ও কাস্টার সুগার একসঙ্গে মিশিয়ে নিন। এখন ইস্টের মিশ্রণ ও ডিম একসঙ্গে দিয়ে হুইস্ক দিয়ে ভালোভাবে মেশান। সময় লাগবে প্রায় ৫-৬ মিনিট। এবার আরও আধা কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। ধাপে ধাপে বাকি ময়দা দিয়ে মাখতে থাকুন, যতক্ষণ না একটি নরম ডো তৈরি হয়।
এবার পরিষ্কার একটি সমতল জায়গায় ডোটি এনে ৪–৫ মিনিট ভালোভাবে মাখুন। প্রয়োজন হলে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে অথবা ১ চা-চামচ অলিভ অয়েল ব্যবহার করুন। ডো মাখা হয়ে গেলে ওপরে ১ টেবিল চামচ অলিভ অয়েল ব্রাশ করে ঢেকে দিন। গরম কোনো জায়গায় ১ ঘণ্টা রেখে দিন, ডো ফুলে উঠবে। একটি ৪*৮ ইঞ্চি লোফ প্যান অলিভ অয়েল দিয়ে গ্রিজ করে রাখুন।
ডো আবার হালকা মেখে রোলিং পিন দিয়ে বেলে নিন এবং ভাঁজ করে প্যানে বসান। প্যান ঢেকে আবার ৩০ মিনিট প্রুফ করতে দিন। এবার দুধ ব্রাশ করে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিটেড ওভেনে ২৫ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে বের করে সঙ্গে সঙ্গে উপরে মাখন ব্রাশ করুন। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের জন্য। এতে ব্রেড থাকবে ময়েশ্চারাইজড ও নরম। এরপর ঠান্ডা হলে পছন্দমতো স্লাইস করে পরিবেশন করুন।