চিজ স্টাফড চিকেন যেভাবে বানাবেন

সন্ধ্যার নাশতায় কিংবা মেহমানদারিতে পরিবেশন করুন মুখে গলে যাওয়া এই চিকেন রেসিপি। রান্নাঘরে নতুন কিছু করতে চাইলে চিজ স্টাফড চিকেন হতে পারে চমৎকার এক বিকল্প। মজাদার চিজ আর পার্সলির ফিউশনে তৈরি এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি দারুণ। রইল রেসিপি।

যা যা লাগবে

  • চিকেন ব্রেস্ট ফিলে ৩টি
  • লবণ ১/৪ চা-চামচ (স্বাদমতো)
  • ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ
  • শুকনা পার্সলি ১/২ চা-চামচ
  • রসুন বাটা ১ চা-চামচ
  • অলিভ অয়েল আধা টেবিল চামচ
  • কাঁচা পার্সলি কুচি ১ টেবিল চামচ
  • চেডার চিজ (কোরানো) ১/২ কাপ বা প্রয়োজনমতো
  • কুকিং অয়েল ২-৩ টেবিল চামচ
  • মাখন ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ চা-চামচ
  • মাস্টার্ড পেস্ট ১ টেবিল চামচ
  • লবণ ১/৪ চা-চামচ বা স্বাদমতো
  • গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • ক্রিম ১/৪ কাপ
  • দুধ ১/২ কাপ বা প্রয়োজনমতো
  • চেডার চিজ ১/২ কাপ (আরও কিছু উপরে দেওয়ার জন্য রাখতে পারেন)
  • পার্সলি কুচি ২ চা-চামচ

যেভাবে বানাবেন

প্রথমে চিকেন ব্রেস্ট ফিলেগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। একটি বাটিতে লবণ, ব্ল্যাক পেপার, শুকনা পার্সলি, রসুন বাটা আর অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণে চিকেন ফিলেগুলো মেখে কিছুক্ষণ রেখে দিন।

এরপর প্রতিটি ফিলেতে পাশ দিয়ে একটি ছোট পকেটের মতো করে কেটে নিন। ওই পকেটে পার্সলি কুচি ও চেডার চিজ ভরে দিন এবং টুথপিক বা স্কিউয়ার দিয়ে মুখ বন্ধ করে দিন যেন চিজ বের না হয়। এবার প্যানে কুকিং অয়েল গরম করে ফিলেগুলো দুই পাশ থেকে ৪-৫ মিনিট করে ভেজে নিন। তারপর আলাদা করে রাখুন।

একই প্যানে এবার মাখন ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। এরপর দিন মাস্টার্ড পেস্ট, লবণ, কালো মরিচ গুঁড়া ও ক্রিম। ভালো করে মেশান। ধীরে ধীরে দুধ দিয়ে নেড়ে দিন যাতে চিজ গলে সুন্দর সস তৈরি হয়। এবার চেডার চিজ দিন এবং ভালো করে নাড়তে থাকুন। শেষে কুচি করা পার্সলি ছড়িয়ে দিন।

ভাজা চিকেন ফিলেগুলো প্লেট করে সাজান। উপরে সস ঢেলে দিন এবং বাড়তি কিছু পার্সলি ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।