বাড়িতে বানাতে পারেন ভিন্ন স্বাদের বেগুন ভাজা

বেগুন ভাজা কম-বেশি সবার প্রিয়। কিন্তু কখনও কি বেগুন ভাজার সাথে রসুন খেয়েছেন? নিশ্চয় খাওয়া হয়নি। তবে এই রসুন বেগুন ভাজার পেঁয়াজের মতো নয়। একেবারে অন্যরকম স্বাদ। এই বেগুন ভাজা টেবিলে এনে দেবে একদম নতুন মাত্রা। খাওয়ার পর এই রেসিপি হয়ে উঠতে পারে সকলের প্রিয়। জেনে নিন, কীভাবে বানাবেন রসুনের বেগুন ভাজা।

উপকরণ

  • রসুন ১০-১২ কোয়া
  • পেঁয়াজ কুচি ১ ছোট
  • আস্ত ধনে ১ টেবিল চামচ
  • জিরা ১/২ টেবিল চামচ
  • অজওয়াইন ১/৪ চা-চামচ
  • লবণ ১/২ চা-চামচ
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • বেসন ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • পানি ২ টেবিল চামচ
  • বেগুন ৩ টি (গোল বেগুন)
  • রান্নার তেল ২-৩ টেবিল চামচ বা পরিমাণমতো
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

একটি মিহি পেষকাঠিতে রসুন, পেঁয়াজ, আস্ত ধনে, জিরা এবং অজওয়াইন নিয়ে মোটামুটি ভাবে পিষে নিন। এতে লবণ, গোলমরিচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিন ও পানি দিন। এবার এটাকে ঘন পেস্ট বানিয়ে নিন। এটা দেখতে ভর্তার মতো লাগবে।

মসলার পেস্ট এভাবে বেগুনে লাগাতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

এবার বেগুনগুলোকে লম্বাভাবে স্লাইস করুন। একটা বেগুন স্লাইচ করে তিনটি খন্ড করতে পারেন। আর ভেতরে ছুরি দিয়ে দাগ টেনে দিন। বেগুনগুলোর দুই পাশেই তৈরি মস পেস্ট ভালো করে মাখিয়ে নিন। কাটা অংশের ভেতরেও মসলা বা পেস্ট ঢুকিয়ে দিন। (উপরের ছবির মতো করে)।

এরপর ভাজার পালা। তার জন্য একটি প্যান গরম করে তেল দিন। কম আঁচে বেগুনের স্লাইসগুলো এক মিনিট ভাজুন। এরপর ঢাকনা দিয়ে দুই পাশ ৫-৬ মিনিট করে ভাজুন, মাঝে মাঝে উল্টে দিন যাতে সব দিক ভালভাবে সেঁকে যায়।

ভাজা বেগুনের ওপর লেবুর রস ছড়িয়ে দিন। কাটা ধনে পাতা ছিটিয়ে গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন।