বরবটি দিয়ে রান্না করতে পারেন শাহী খাবার, রইল রেসিপি

দেশি বরবটি এবার রান্না করুন ভিন্ন স্টাইলে। এই বরবটি দিয়ে বানাতে পারেন শাহী খাবার। ভাত, রুটি, পরোটা বা পোলাও, যেকোনো কিছুর সঙ্গেই থেতে পারেন খাবারটি। দইয়ের টক-মোলায়েম স্বাদ আর বরবটির কচমচে ঝাঁজ, তাহলে সে খাবার হয়ে ওঠে একেবারে ভিন্ন মাত্রার। দুপুরের হালকা আয়োজন হোক বা রাতের জম্পেশ ভোজ, এই পদ আপনার রান্নাঘরের তালিকায় থাকলেই মন ভরে যাবে পরিবার ও অতিথির। রইল রেসিপি

উপকরণ

  • বরবটি (বিনস) ২ কাপ (১ ইঞ্চি লম্বা করে কাটা)
  • তেল ৩ টেবিল চামচ
  • সরিষা দানা ১ চা-চামচ
  • জিরা ১ চা-চামচ
  • কারি পাতা ১০-১২টি
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ বা স্বাদমতো
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ বা স্বাদমতো
  • গরম মসলা গুঁড়া ১/৪ চা-চামচ
  • জিরা গুঁড়া ১/২ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • পানি ১/৪ কাপ বা প্রয়োজনমতো
  • ঘন ফেটানো দই ২ কাপ
  • ধনেপাতা কুচি সাজানোর জন্য
  • লাল মরিচ কুচি সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

একটি ফ্রাইপ্যানে তেল গরম করুন। তাতে সরিষা দানা, জিরা ও কারি পাতা দিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এখন বরবটি, লাল মরিচ গুঁড়া, লবণ, গরম মসলা, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে ১-২ মিনিট ভাজুন।

পানি ঢেলে মিশিয়ে নিন। ঢেকে দিয়ে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন, মাঝে একবার দেখে নিন। শিম নরম হয়ে এলে আঁচ বাড়িয়ে নাড়ুন, যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। চুলা বন্ধ করে ৪-৫ মিনিট ঢেকে রাখুন। এবার ফেটানো দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধনেপাতা ও লাল মরিচ দিয়ে সাজিয়ে গরম গরম রুটি বা চাপাটির সঙ্গে পরিবেশন করুন।