ফাজিতা স্প্যাগেটির সহজ রেসিপি

মেক্সিকান ফাজিতার টক-ঝাল স্বাদ আর ইতালিয়ান স্প্যাগেটির ক্লাসিক আবেদন যখন একসঙ্গে মেশে, তখনই তৈরি হয় এক অসাধারণ ফিউশন ডিশ। রঙিন বেল পেপার, রসুনের সুবাস আর ঝাঁঝালো মসলা মিলে এই খাবার হয়ে ওঠে একেবারে রেস্তোরাঁ মানের। মেক্সিকান কুজিন থেকে নেওয়া ফাহিতার ঝলমলে স্বাদ আর ইতালিয়ান স্প্যাগেটির নরম মজাদার টেক্সচার, দুটো মিলেই মুখে এনে দেয় আলাদা আনন্দ। পারিবারিক আড্ডা হোক বা বিশেষ ডিনার, টেবিলে রঙিন সাজ আর ভিন্ন স্বাদের আবেশ আনতে এই রেসিপির জুড়ি নেই।

উপকরণ

  • টমেটো (সেদ্ধ করে খোসা ছাড়ানো) ৩টি মাঝারি
  • তেল ১ টেবিল চামচ
  • ক্যাপসিকাম (পাতলা কাটা) ১ কাপ
  • পেঁয়াজ (পাতলা কাটা) ১ কাপ
  • লাল বেল পেপার (পাতলা কাটা) ১ কাপ
  • রান্নার তেল ১ টেবিল চামচ
  • মার্জারিন ২-৩ টেবিল চামচ
  • রসুন কুচি দেড় টেবিল চামচ
  • গরুর কিমা (হাত দিয়ে কাটা হলে ভালো) ৩৫০ গ্রাম
  • লেবুর রস দেড় টেবিল চামচ
  • পাপরিকা পাউডার ১/২ টেবিল চামচ
  • ধনেগুঁড়া আধা টেবিল চামচ
  • শুকনা ওরেগানো দেড় চা-চামচ
  • লবণ ১ চা-চামচ (বা স্বাদমতো)
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ (বা ঝাল অনুযায়ী)
  • রসুন গুঁড়া ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • মুরগির স্টক ১/২ কাপ
  • ক্রিম ১/৩ কাপ
  • স্প্যাগেটি ২৫০ গ্রাম (প্যাকেটের নির্দেশনা মতো সেদ্ধ)
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে টমেটো ব্লেন্ড করে পিউরি তৈরি করে আলাদা করে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে ক্যাপসিকাম, পেঁয়াজ ও লাল বেল পেপার হালকা ভেজে নিন। দুই মিনিট পর নামিয়ে আলাদা রাখুন। একই কড়াইয়ে তেল ও মার্জারিন দিয়ে গলিয়ে নিন। রসুন কুচি দিয়ে নেড়ে এক মিনিট ভাজুন।

এবার গরুর কিমা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন, যতক্ষণ না রং পরিবর্তন হয়। টমেটো পিউরি, লেবুর রস, পাপরিকা, ধনে গুঁড়া, ওরেগানো, লবণ, মরিচ গুঁড়া, রসুন গুঁড়া, গোলমরিচ ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। এরপর আঁচ বাড়িয়ে নেড়ে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত রান্না করুন।

এবার মুরগির স্টক ও ক্রিম দিয়ে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। সেদ্ধ স্প্যাগেটি, আগে ভাজা সবজি ও ধনেপাতা কুচি দিয়ে সবকিছু মিশিয়ে নিন। ওপরে আবার সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপস

  • চাইলে মুরগির কিমা দিয়েও একইভাবে রান্না করতে পারবেন।
  • অতিরিক্ত ঝাল পছন্দ হলে মরিচ গুঁড়ার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।