ঘরকে সুরভিত রাখতে সেরা ৫ পারফিউম ডিফিউজার

দৈনন্দিন জীবনের বিভিন্ন মানসিক চাপ কমাতে কিছু কিছু পদ্ধতি আপনাকে অনেক সাহায্য করে থাকে। সেটা হতে পারে বই পড়া বা অনেকটা সময় নিয় ঠান্ডা পানিতে গোসল। অনেকসময় আবার একঘেয়ে পরিবেশ থেকে নিস্তার পেলেই মেলে মানসিক শান্তি। জীবন যাপনে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে কে না চাই। দিনশেষে ঘরে ফিরে সবাই চাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। যত জায়গায়ই ঘুরে বেড়ানো হোক না কেন সবার কাছে প্রিয় স্থান নিজের ঘর।

ঘরকে গন্ধমুক্ত ও সুরভিত রাখা তাই খুব জরুরি। নয়তো স্বস্তি নষ্ট হয়ে যেতে পারে। এই কাজটি সহজ করবে পারফিউম ডিফিউজার। এটি ব্যবহারে খুব অল্পসময়েই চারপাশের অনুভূতি বদলে ফেলতে পারবেন। এই ডিফিউজার মূলত একধরনের যন্ত্র যা বিভিন্ন সুগন্ধি উপাদান দিয়ে ঘরকে সুরভিত রাখা যায়। এটি আমাদের দেশে হিউমিডিফায়ার নামেই বেশি পরিচিত।

বাজারে পাওয়া যাবে নানা ডিজাইনের পারফিউম ডিফিউজার। ছবি: ফ্রিপিক

এটা আমাদের মনকে মানসিকভাবে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। বাজারে চার ধরনের ডিফিউজার রয়েছে। এগুলো হলো নেবুলাইজিং, আল্ট্রাসনিক, তাপীয় এবং সবশেষে বাষ্পীয়। আপনার চাহিদা ও পছন্দানুসারে নিজ নিজ ধরণ ব্যবহার করতে পারেন। তবে বাড়িতে পোষা প্রাণী থাকলে, অবশ্যই তাদের থেকে দূরে রাখতে হবে। যদি আপনি এই পারফিউম জগতে নতুন হোন, তবে জেনে নিন যন্ত্রগুলো সম্পর্কে।

ভিক্টসিং ডিফিউজার

ভিক্টসিং ডিফিউজার খুব অল্প সময়েই আপনার ঘরে শান্ত ও সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। এই আর্মোথেরাপিক ডিফিউজারে সুগন্ধির দুটি ধরন আপনাকে একটানা দশ ঘণ্টা সরবরাহ করতে পারে। এছাড়াও আপনাকে মানসিক ভাবে শান্ত রাখতে এটিতে কোনো ধরনের শব্দের ব্যবহার করা হয়নি। কাঠের মতো আবরণের তৈরি এই যন্ত্র আপনি তিনটি ভিন্ন ভিন্ন রং এ বাজারে পাবেন।

আরপাওয়ার ডিফিউজার

যন্ত্রটি চালু করা মাত্রই এটি আপনার ঘরে সুগন্ধি ছড়িয়ে দিতে পারে মুহূর্তের মধ্যেই। মেহগনির ছোঁয়া ছড়িয়ে আছে এর সব ধরনের ডিজাইনে। তাছাড়া যন্ত্রটি থেকে ছড়ানো এলইডি আলো দেখতে খুবই দৃষ্টিনন্দন। এটা শুধুমাত্র ঘরে সুগন্ধিই ছড়ায় না বরং আপনার অন্দরসজ্জাতেও ভূমিকা রাখে।

বাড়িতে পোষা প্রাণী থাকলে, এই যন্ত্রটি তাদের থেকে দূরে রাখবেন। ছবি: ফ্রিপিক

আসাকুকি ডিফিউজার

একই সাথে হিউমিডিফায়ার ও লাইট হিসেবে কাজ করবে এই ডিফিউজারটি। সাতটি আলাদা আলাদা আলো দেবে এই যন্ত্রটি। হালকা আলোতে আপনি পেতে পারেন মানসিক শান্তি। তাছাড়া বাতাসের সুবাস তো থাকবেই। তলার দিকের কাঠের আদল এই যন্ত্রটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এরোমা ডিফিউজার

এলার্জির থেকে দূরে খুব শান্ত পরিবেশ তৈরি করাতে বিশেষ খ্যাতি রয়েছে এটির। এছাড়াও নিজের পছন্দমতো নির্ধারণ করতে পারবেন যন্ত্রটির এলইডি লাইটের রং। আপনি নিজ থেকে এর সময়ও নির্ধারণ করতে পারবেন। সারাদিনের ক্লান্তি দূর করতে আগে থেকেই চালিয়ে রাখতে পারবেন যন্ত্রটি।

পাইনাপেল ডিফিউজার

আপনার ঘরকে শান্ত ও সুগন্ধি বাড়ানোর জন্য আনারস সদৃশ এই ডিফিউজারটি ব্যবহার করতে পারেন। এই আল্ট্রাসনিক ডিফিউজারটি প্রায় শব্দহীন। এটি সাধারণত সাদা রংয়ের হয়ে থাকে। তবে সাদার মধ্যে ছায়াঘেরা জায়গায় এলইডি লাইটের মনোমুগ্ধকর অবস্থান যে কারো চোখে পড়বে।